ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল এম সাংমা ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্ভাবনায় যৌথ কৃষিভিত্তিক শিল্প গড়ার পরামর্শ দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে সিলেট চেম্বারের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুকুল এম সাংমা বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এতে করে উভয় দেশই লাভবান হবে। মেঘালয়ে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে। মেঘালয়ের কৃষিপণ্যের ওপর ভিত্তি করে যৌথ কৃষিভিত্তিক শিল্পও গড়ে তোলা যায়।
সিলেট চেম্বারের উদ্যোগে সিলেট চেম্বার ভবনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ। মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কমিশনার ও সচিব পি এস কুমার, সিলেট চেম্বারের সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মো. হিজকিল গুলজার, খন্দকার সিপার আহমদ, জিয়াউল হক, মো. সাহিদুর রহমান, মো. লায়েছ উদ্দিন, এজাজ আহমদ চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি ফালাহ্ উদ্দিন আলী আহমদ বক্তব্য দেন।
মেঘালয়ের মুখ্যমন্ত্রীর পরামর্শের পরিপ্রেক্ষিতে সিলেট চেম্বারের সভাপতি বলেন, মেঘালয়ের অধিবাসীদের সঙ্গে সিলেটের মানুষের জীবনযাত্রার অনেক মিল রয়েছে। এটিকে ভিত্তি করে দুই দেশেই রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করলে তা অবশ্যই লাভজনক হবে।