যোগাযোগ-অবকাঠামো নির্মাণে বেসরকারি বিনিয়োগ আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় যোগাযোগ মন্ত্রণালয় যেসব প্রকল্প গ্রহণ করবে, তা বাস্তবায়নে স্থানীয় উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবকাঠামোসহ যোগাযোগব্যবস্থার উন্নয়নে স্থানীয় উদ্যোক্তাদের পিপিপির আওতায় বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘যানজট নিরসনে ঢাকা শহরের রেলক্রসিংগুলোতে আন্ডারপাস বা ওভারব্রিজ নির্মাণে স্থানীয় উদ্যোক্তারা এগিয়ে এলে স্বাগত জানাব।’ বর্তমান সরকারের মেয়াদকালেই পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে বলে তিনি আবারও আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া আগামী বছরের শুরুতেই এলিভেটেড রাস্তার কাজ শুরু হবে বলে তিনি জানান।গতকাল শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘জাতীয় যোগাযোগ- অবকাঠামো: বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইআইএফসির নির্বাহী পরিচালক নজরুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি এম শাহজাহান খান।নির্ধারিত আলোচক ছিলেন ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির (আইডিএস) চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ও ন্যাশনাল কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন স্ট্যান্ডিং কমিটির সদস্য খাইরুল মাজিদ মাহমুদ।সৈয়দ আবুল হোসেন বলেন, সরকার পিপিপির বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এই সুযোগ গ্রহণ করে ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আগামী নভেম্বর থেকে জনগণের চলাচলের সুবিধার্থে ফুটপাতগুলো থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আরও বলেন, ঢাকা শহরের পরিবহন-সংকট কাটাতে সরকার আরও এক হাজার ১২৫টি বাস কিনবে। এর মধ্যে চীন থেকে ১৫০টি ও কোরিয়া থেকে ৩০০টি বাস কেনা হবে। এগুলোর ১৫০টি এসি বাস। এ ছাড়া ভারত থেকে বিভিন্ন ধরনের ৬৫০টি বাস কেনা হবে। এর মধ্যে ৩০০টি সাধারণ বাস, ৩০০টি দোতলা বাস ও ৫০টি আট্রিকুলেট বাস। যোগাযোগমন্ত্রী আরও জানান, সরকার রেল খাতের উন্নয়নের জন্য ইতিমধ্যে নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। শিগগিরই জনগণ এর সুফল ভোগ করতে পারবে।ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খান বলেন, সমুদ্রবন্দর, সড়ক, রেলওয়ে ও বিদ্যুৎ-জ্বালানি খাতে আধুনিকায়নের অভাবে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম ইকোনমিক করিডর বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও এটি অবহেলিত অবস্থায় রয়েছে। আবুল কাসেম খান আরও বলেন, ২০২০ সালের মধ্যে ঢাকা-চট্টগ্রামের সড়ক যোগাযোগ চার গুণ বাড়বে এবং আরও প্রায় ছয় হাজার গাড়ি প্রতিদিন এই পথে চলাচল করবে। তাই যোগাযোগের ক্ষেত্র বাড়ানোর জন্য নতুন অবকাঠামো তৈরি করা প্রয়োজন। তিনি পিপিপির আওতায় যোগাযোগ খাতের উন্নয়নে পরিকল্পনা গ্রহণ এবং তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।মুক্ত আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ীরা বলেন, ঢাকা শহরের প্রধান সমস্যা যানজট। যানজটের কারণে ব্যবসায়িক ব্যয় বেড়ে যাচ্ছে। তাঁরা যানজট নিরসনে ঢাকার সঙ্গে আশপাশের জেলাগুলোর রেল ও নদীপথের যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন।মুক্ত আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডিসিসিআইয়ের পরিচালক ওয়ালিউর রহমান। এতে ডিসিসিআইয়ের সহসভাপতি মো. সিরাজউদ্দিন মালিক, পরিচালক মো. নাসিরউদ্দিন খান, সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি হাজি আবদুস সালাম, সৈয়দ তৌফিক আলী, সাবেক সহসভাপতি আবু হুরায়রা ও খন্দকার শহীদুল ইসলাম, সদস্য শাহজাদা এ হামিদ ও খলিকুজ্জামান অংশ নেন।