যোগাযোগ অবকাঠামোর বড় প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের যোগাযোগ অবকাঠামো খাতে সরকারের অগ্রাধিকার অব্যাহত আছে। বাজেটে সড়ক, রেল ও সেতু বিভাগের জন্য ৪৪ হাজার ১৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এই তিন খাতে বরাদ্দ ছিল ২৫ হাজার ৪৬৩ কোটি টাকা। এবার ১৮ হাজার ৬৭৬ কোটি টাকা বাড়তি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি বাজেটের চেয়ে যোগাযোগ অবকাঠামো খাতে ৪২ শতাংশের বেশি ব্যয় প্রস্তাব করা হয়েছে।
এবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য ১৯ হাজার ৬৯৬ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা মোট বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় ৫ শতাংশ। ৪০ দশমিক ৬১ শতাংশ বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে এই মন্ত্রণালয়ের জন্য। এর অধীন বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে মেট্রোরেল, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-মাওয়া মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলমান আছে। কাঁচপুর, মেঘনা ও গোমতীসহ বিভিন্ন নদীতে বেশ কিছু বড় সেতু নির্মাণের কাজও চলমান আছে।
রেলপথ মন্ত্রণালয়ের অধীনে এবার ১৬ হাজার ১৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৪ হাজার ৬৩ কোটি টাকা বেশি। রেলপথ মন্ত্রণালয়ের অধীনে এখন প্রায় ৫০টি উন্নয়ন প্রকল্প চলমান আছে। এর মধ্যে পদ্মা সেতুর দুই প্রান্তে রেললাইন নির্মাণ, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ এবং প্রচুর ইঞ্জিনবগি কেনার প্রকল্প রয়েছে।
সেতু বিভাগের জন্য এবার ৮ হাজার ৪৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৮৫৯ কোটি টাকা কম। অবশ্য চলতি অর্থবছরের যে সংশোধিত এডিপি আছে, এর চেয়ে বরাদ্দ বেশি। এই বিভাগের অধীনে এখন পুরোদমে চলমান আছে একটি প্রকল্পই, আর তা হচ্ছে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প। পদ্মা সেতুর নির্মাণব্যয় প্রতি অর্থবছরেই এখন কমতে থাকবে। এর বাইরে চট্টগ্রামে কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পও চলমান আছে। তবে এর মূল কাজ এখনো শুরু হয়নি।