যোগ্য লোক নিয়োগ না দিতে অর্থমন্ত্রীর কাছে তদবির!
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) যোগ্য ও দক্ষ চেয়ারম্যান নিয়োগ না দেওয়ার জন্য তদবির চলছে বলে জানালেন খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘তদবির আসছে। তবে যত তদবিরই আসুক না কেন, সিদ্ধান্ত নেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি মিলে।’
সচিবালয়ে গত মঙ্গলবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ের পর প্রথম আলোর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
২০১০ সালে বিমা আইন এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন হওয়ার মাধ্যমে বিমা খাত সরকারের কাছে প্রথমবারের মতো গুরুত্ব পায়। সরকার প্রথমবারের মতো বিমার ওপর বিশ্বমানের ‘অ্যাকচ্যুয়ারি’ ডিগ্রিধারী এম শেফাক আহমেদকে তিন বছরের জন্য নিয়োগ দেয় ২০১১ সালের ২৬ জানুয়ারি।
বিমা-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিমা বিষয়ে একেবারেই অনভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে বিলুপ্ত প্রধান বিমা নিয়ন্ত্রকের কার্যালয় পরিচালিত হওয়ার কারণেই মূলত দুর্নীতি জেঁকে বসেছিল এই খাতে। অর্থমন্ত্রী গত সোমবার সাংবাদিকদের কাছেও এ কথা বলেন।
অর্থমন্ত্রীর মতে, বিমাটা ছিল লুটপাট ও চুরির ক্ষেত্র। কোনো নিয়ন্ত্রণ ছিল না এই খাতে। আইডিআরএ গঠিত হওয়ার পর লুটপাট বন্ধ করা হচ্ছে। এ জন্য অবশ্য বাধাও আসছে।
জানা গেছে, বিমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিন বছরে অনেক পদক্ষেপ নিয়েছে আইডিআরএ। আইডিআরএর চেয়ারম্যানকে এ কারণে অনেকের রোষানলে পড়তে হয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে তাঁকে। যদিও প্রায় সব মামলাই খারিজ হয়ে গেছে আদালত থেকে।
রাষ্ট্রীয় সংস্থা সাধারণ বীমা করপোরেশন, জীবন বীমা করপোরেশন, ১৭টি জীবন বিমা কোম্পানি ও ৪৩টি সাধারণ বিমা কোম্পানির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে আসছে আইডিআরএ। গত ছয় মাসে নতুন লাইসেন্স পেয়েছে আরও ১৬টি কোম্পানি।
বিমা একটি বিশেষায়িত খাত। এই খাতে কীভাবে দুর্নীতি ও লুটপাট হয়, বিমা বিষয়ে জ্ঞান না থাকা লোকেরা তা ধরতে পারেন না। দুর্নীতিগ্রস্ত কোম্পানিগুলো তাই অযোগ্য ব্যক্তিদেরই আইডিআরএর চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানা গেছে।
এম শেফাক আহমেদের তিন বছরের চুক্তির মেয়াদ ২৬ জানুয়ারি শেষ হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রমতে, বিমা খাতের স্বার্থে তাঁকেই পুনর্নিয়োগের সুপারিশ করেছেন অর্থমন্ত্রী, যা ঠেকাতে একটি চক্র উঠেপড়ে লেগেছে।
একটি বেসরকারি জীবন বিমা কোম্পানির পক্ষে কয়েকজন সাংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কিছু কর্মকর্তা, কাগজপত্র ঠিক না থাকা সত্ত্বেও বিমার লাইসেন্স পেতে চাওয়া এক নেতার হস্তক্ষেপের কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবটি এখনো বিবেচনায় নেয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এ ব্যাপারে অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলে গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘হ্যাঁ। একটি চক্র উঠেপড়ে লেগেছে চেয়ারম্যান হিসেবে যোগ্য লোকের নিয়োগ ঠেকাতে। বিষয়টি আমার বিবেচনায় আছে। তবে, বিমা খাতটিকে ঠিক করতে হবে বলে আইডিআরএর চেয়ারম্যান হিসেবে শক্ত লোকই নিয়োগ করা হবে।’
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও তো ব্যাংকার ছিলেন না—এমন উদাহরণ দিয়ে বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন প্রশাসনিক দক্ষতাসম্পন্ন কাউকে আইডিআরএ চেয়ারম্যান নিয়োগের পরামর্শ দেন। তিনি প্রথম আলোকে বলেন, আইডিআরএর চেয়ারম্যানের বিমা বিষয়ে জ্ঞান থাকলে ভালো, তবে বেশি দরকার প্রশাসনিক দক্ষতা থাকা।