দেশে সফল ও পরীক্ষিত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়ার সময় এসেছে। বিদেশে ব্যবসা ও বাজার সম্প্রসারণ, কাঁচামাল সংগ্রহ, উৎপাদন খরচ কমানোসহ বিভিন্ন কারণে এ সুযোগ দেওয়া উচিত। তবে কোন কোন খাতে এ সুযোগ দেওয়া হবে, তা সরকারকে ঠিক করতে হবে।
দেশি কোম্পানির বিদেশে বিনিয়োগের সুযোগ নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত এক সেমিনারে ব্যবসায়ী, গবেষক ও ব্যাংকারেরা এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে আইবিএফবির কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি কোম্পানিগুলোকে বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়ার বিষয়ে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা শুধু রপ্তানি খাতের জন্য নয়, সকল খাতের জন্য নির্দিষ্ট কিছু শর্তে এ সুযোগ চাই।’ তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রার মজুত ব্যবহার না করে ব্যাংকে রেখে দিলে এর মূল্য কমবে। আর তা চুরিও হতে পারে। সে ঘটনা ঘটেছে।
আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খান বলেন, ‘বাংলাদেশের উদ্যোক্তারা দেশে যে জ্ঞান ও সচ্ছলতা অর্জন করেছেন, তা বিদেশে বিনিয়োগের সুযোগ দিলে দেশের অর্থনীতিই উপকৃত হবে। সরকার এ ক্ষেত্রে একটি নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি, সরকার সঠিক পথেই আছে।’
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এখনকার দেশীয় ও বৈশ্বিক পরিস্থিতিতে দক্ষ ও যোগ্য প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়া যেতে পারে। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ করছে, যা হওয়া উচিত নয়। হতে পারে তাদের হাতে অর্থ আছে, কিন্তু বিনিয়োগের যথেষ্ট খাত না থাকায় তারা ছোট খাতের দিকে নজর দিচ্ছে। এদের বিদেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ দেওয়া যেতে পারে।
গোলাম মোয়াজ্জেম বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে শুরুতে সীমা ঠিক করে দেওয়া, মুনাফার অংশ ফেরত বাধ্যতামূলক করে দেওয়া, আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা নিশ্চিত করাসহ বিভিন্ন পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমরা কোন কোন খাতে বিনিয়োগের অনুমতি দেব এবং কেউ গেলেই অনুমতি দিয়ে দেব কি না, তা ঠিক করতে হবে।’
পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরীও দেশে সফল ও পরীক্ষিতদের বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়ার পক্ষে মত দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইবিএফবির পরিচালক মো. মজিবুর রহমান। তিনি বলেন, যে জাতি দেশের বাইরে যায়নি, তার অর্থনৈতিক উন্নতি হয়নি, বাণিজ্য বাড়েনি—এটা ইতিহাসের শিক্ষা।
অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইবিএফবির আরেক পরিচালক এম এস সিদ্দিকী। তিনি বলেন, বাংলাদেশ থেকে যে বিপুল অর্থ পাচার হয়, তার একটি অংশ বিদেশে বিনিয়োগের জন্যও যায়। ওই বিনিয়োগের মুনাফাও অবৈধ পথে দেশে আসে। দেশের বৈদেশিক মুদ্রার মজুত যথেষ্ট কি না, তা যাচাইয়ের পাঁচটি পদ্ধতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি পদ্ধতির হিসাবই বলছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা উদ্বৃত্ত আছে।
সবশেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য অজিত কুমার পাল বলেন, বিদেশে বিনিয়োগের যে নীতিমালা তৈরি হবে, তাতে সব বিষয়ই বিবেচনায় নেওয়া হবে। এ নীতিমালা দ্রুতই হবে।
অনুষ্ঠানে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ, আইবিএফবির সহসভাপতি হুমায়ূন রশিদ, ব্র্যান্ড ফোরামের সিইও শরীফুল ইসলাম, ঢাকায় কানাডীয় হাইকমিশনের ট্রেড কমিশনার কামাল উদ্দিন, ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি শিশির কোটারি, সাবেক ব্যাংকার অরুণাংশ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।