যৌক্তিক ও গ্রহণযোগ্য দর নির্ধারণের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার কোরবানির পশুর কাঁচা চামড়ার দর আগের বছরের চেয়ে কমছে। তবে কত কমছে, তা জানা যাবে ২৩ সেপ্টেম্বর বুধবার। ওই দিন ব্যবসায়ীরা নিজেরাই কাঁচা চামড়ার দর ঘোষণা করবেন। আর সেটা ‘উপযুক্ত দর’ হবে বলে দাবি করা হয়েছে।
সচিবালয়ে গতকাল রোববার ‘কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ এবং কাঁচা চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ’ শীর্ষক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চামড়া-সংশ্লিষ্ট তিন সংগঠনের পক্ষ থেকে আগামী বুধবার যৌথ সংবাদ সম্মেলনে চামড়ার দর জানানো হবে।
বৈঠকের সভাপতি বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ‘চামড়ার যৌক্তিক ও গ্রহণযোগ্য দর নির্ধারণের জন্য বৈঠকে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে এটা ঠিক যে, এবার আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়ার দর কমে গেছে। আবার দাম কম ধরা হলে চামড়া পাচারের আশঙ্কা থাকে।’

কোরবানির পশুর চামড়ার দাম ঘোষণা বুধবার: দর নির্ধারণ না হলে মৌসুমি ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করে তোলেন শাহীন আহমেদ,সভাপতি, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন

বৈঠকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ, বাংলাদেশ ফিনিশড লেদার ও লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব জয়নাল আবেদীন ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির উপদেষ্টা রবিউল আলমসহ বাংলাদেশ ব্যাংক, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও ট্যারিফ কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শাহীন আহমেদ সাংবাদিকদের জানান, ‘চামড়ার দর নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। কারণ, দর নির্ধারণ না হলে মৌসুমি ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করে তোলেন।’
শাহীন আহমেদ আরও জানান, গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়ার দর ৩৩ শতাংশ কমেছে। এর সঙ্গে সংগতি রেখেই দর নির্ধারণ করা হবে।
গতবারের তুলনায় চামড়ার দাম কি কমবে—জানতে চাইলে শাহীন আহমেদ বলেন, ‘অবশ্যই কম হবে। কারণ, আমরা নিজেদের লাভ-ক্ষতি বুঝি। ট্যানারিগুলোতে গত বছরের ৪০ শতাংশ চামড়া এখনো মজুত রয়ে গেছে।’ বাণিজ্যসচিবের মতো শাহীন আহমেদও মনে করেন, চামড়ার দর কম হলে পাচার হওয়ার শঙ্কা থাকে।
গতবার প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকায় ৬৫ থেকে ৭০ টাকা এবং ঢাকার বাইরে ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হয়েছে।
গরমের দিন হওয়ায় কাঁচা চামড়া লবণবিহীন অবস্থায় বেশি সময় রাখা যায় না উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, পশুর শরীর থেকে ছাড়ানোর পাঁচ-ছয় ঘণ্টার মধ্যে চামড়ায় লবণ দিতে হবে। নইলে চামড়া নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে ক্রেতা-বিক্রেতাদের সচেতন থাকতে হবে।