
গত বছরের টানা হরতাল-অবরোধের পর জাতীয় সংসদে সাংসদেরাই বলেছিলেন, রাজনৈতিক সহিংসতার কারণে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তাহলে গত অর্থবছরে কীভাবে এত প্রবৃদ্ধি অর্জিত হলো? গত অর্থবছরে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বৃদ্ধি পায়নি। এর সঙ্গে বিনিয়োগের যোগসূত্র রয়েছে। আবার গতবার রেমিট্যান্সেও নেতিবাচক প্রবাহ ছিল। রেমিট্যান্সের সঙ্গে ভোক্তা চাহিদার নিবিড় সম্পৃক্ততা রয়েছে। কিছু ক্ষেত্রে রেমিট্যান্স বিনিয়োগও হয়। গত অর্থবছরে কাঁচামাল আমদানির প্রবৃদ্ধি সন্তোষজনক ছিল না। কাঁচামাল আমদানিতে মাত্র ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অর্থনীতিকে চাঙা করে এ সূচকগুলোর এমন পরিস্থিতি কীভাবে এত প্রবৃদ্ধির যুক্তিকে প্রতিষ্ঠিত করে?
বেসরকারি ঋণপ্রবাহ যেমন কম ছিল, তেমনি সুদের হারও বেশি ছিল। এ ছাড়া রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে উদ্যোক্তাদের মধ্যে আস্থাও কম ছিল। এসব কারণে গত অর্থবছরে বিপুল পরিমাণ বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির কোনো যৌক্তিক ভিত্তি খুঁজে পাই না। আবার বিনিয়োগের ওপরেই প্রবৃদ্ধি নির্ভর করে।
কিন্তু আমাদের দেশে মুশকিল হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে শেষ পর্যন্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য-উপাত্ত মেনে নিতে হয়। এমনকি দাতা সংস্থা প্রতিষ্ঠানগুলো তা মেনে নেয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা