যৌক্তিকতা না জানিয়ে আর বিদেশ ভ্রমণ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কাছে যৌক্তিকতা সুস্পষ্টভাবে তুলে না ধরে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কেউই বিদেশ ভ্রমণ করতে পারবেন না। ভ্রমণ সরকারি কাজেই হোক আর ব্যক্তিগত কাজেই হোক, এর যৌক্তিকতা জানাতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে শৃঙ্খলা আনতে জারি করা হয় এ পরিপত্র। কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসির পাশাপাশি এ নির্দেশনার আওতায় পড়বে—বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, সাধারণ বীমা করপোরেশন, জীবন বীমা করপোরেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমি এবং রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক। এসব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পরিপত্রটি পাঠানো হয়েছে। 

পরিপত্রে বলা হয়েছে, বিদেশে যাওয়ার আগে ভ্রমণকারীকে তাঁর আয়ের উৎস কী, এক বছরে কোন কোন দেশ ভ্রমণ করেছেন, বিদেশে কোথায় থাকবেন, খরচ কে বহন করবে, পরিবারের কোনো সদস্য সঙ্গে গেলে তাঁর সঙ্গে সম্পর্ক কী ও তাঁর খরচ কে বহন করবে ইত্যাদি তথ্য সরকারকে জানাতে হবে।

আরও বলা হয়, বিদেশ ভ্রমণের প্রস্তাবগুলোতে বিভিন্ন অসংগতি, গরমিল, নিয়মের ব্যত্যয় ও তথ্যের ঘাটতি থাকে। আবার একেকটি আবেদন থাকে একেক ধরনের—যেগুলোতে অনেক সময় মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জারি করা নির্দেশনাও মানা হয় না। ফলে আবেদনের প্রস্তাবগুলো আসে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণভাবে। আর এসব কারণে বিদেশ ভ্রমণের অনুমতি দিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে অনাকাঙ্ক্ষিত দেরি হয়।

পরিপত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিদেশ ভ্রমণে যাওয়ার আগে নির্দিষ্ট ফরমে ১৮ ধরনের তথ্য জানাতে বলেছে। এর মধ্যে রয়েছে আবেদনকারীর নাম, আইডি নম্বর, পদবি, বেতন ধাপ, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য, মেয়াদকাল, পাওনা ছুটি ইত্যাদি।

বিদেশ ভ্রমণের সম্ভাব্য তারিখ উল্লেখ করে ভ্রমণ শুরুর অন্তত ১৫ দিন আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রস্তাব পাঠানোর কথা বলা হয়েছে।

এ ছাড়া বিদেশের কোনো সংস্থার আমন্ত্রণ থাকলে আমন্ত্রণপত্রসহ পাঠযোগ্য ও সুস্পষ্টভাবে ওই সংস্থার নাম, ঠিকানা ইত্যাদি প্রস্তাবে উল্লেখ করতে হবে। ভ্রমণকারী বা তাঁর সঙ্গীর বিরুদ্ধে কোনো মামলা নেই মর্মে সংশ্লিষ্ট সংস্থার প্রধান বা ব্যাংকের এমডির প্রত্যয়নপত্রও আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, বিশেষ বিশেষ মৌসুমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশে যাওয়া বেড়ে যায়। চিকিৎসার জন্য সারা বছরই আবেদন থাকে। তবে ছেলেমেয়েদের স্কুল-কলেজে ছুটির সময় ও হজের মৌসুমে আবেদন পড়ে বেশি। হজে যাওয়ার জন্য এক দিনে শতাধিক আবেদন পড়ারও উদাহরণ রয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্রগুলো বলছে, নিজেদের দোষেই অনুমতি পেতে দেরি হয়। অথচ দেরি হলে তাঁরা ধরে নেন যে অনুমতি মিলবে না। ফলে অনেক সময় বিব্রতকর তদবির আসে।

জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান সম্প্রতি প্রথম আলোকে বলেন, অনেক আবেদনপত্রেই ভুল থাকে। ফলে অনুমোদন দিতে দেরি হয়ে যায়। নির্ভুলভাবে আবেদন করার জন্যই পরিপত্রটি জারি করা হয়।