যৌথ উদ্যোগে মণ্ড ও সুতা তৈরির কারখানা হচ্ছে
বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে পাট থেকে মণ্ড ও সুতা তৈরির কারখানা হচ্ছে। এ জন্য বাংলাদেশ সরকার, বেসরকারি প্রতিষ্ঠান সিমুরা গ্রুপ ও চীনের জিগাও কেমিক্যাল ফাইবার কোম্পানি লিমিটেড শিগগিরই কাজ শুরু করবে।বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় গতকাল রোববার এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।পাটমন্ত্রী পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণের জন্য এ ধরনের উদ্যোগে অংশ নেওয়ায় চীনা প্রতিষ্ঠানকে স্বাগত জানান। মন্ত্রী এ সময় পাটশিল্পের উন্নয়নে দেশি-বিদেশি যেকোনো বিনিয়োগে সহযোগিতার আশ্বাস দেন।সভায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাহমুদ উল হাসান, সিমুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক হোসেন ও চীনের প্রতিনিধিদল উপস্থিত ছিল।উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে বেশ কিছু পদক্ষেপ নেয়। ‘পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক আইন-২০১০’ প্রণয়ন করা হয়েছে। ওই আইনে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মোড়ক হিসেবে ৭৫ শতাংশ পাট আছে এমন উপাদান দিয়ে তৈরি মোড়ক ব্যবহারের বিধান রয়েছে।বিভিন্ন উদ্যোগের কারণে টানা তিন বছর পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ে। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে গত বছর থেকে রপ্তানি নিম্নমুখী হয়েছে। সংকট কাটাতে ইতিমধ্যে নতুন বাজার খোঁজার ঘোষণা দিয়েছে সরকার।