যৌথভাবে যুব উদ্যোক্তা পদক দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব ব্যবসায়ীদের উৎসাহিত করতে প্রতিবছর সফল উদ্যোক্তাদের যৌথভাবে যুব উদ্যোক্তা পদক দিতে চায় বাণিজ্য মন্ত্রণালয় এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)। জেসিআইয়ের ২০১০ সালের জন্য নবনির্বাচিত আট সদস্যের এক যুব ব্যবসায়ী প্রতিনিধিদল গতকাল সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে মতবিনিময়কালে জেসিআইয়ের এ প্রস্তাবে সম্মতি দেন মন্ত্রী। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জেসিআইয়ের সভাপতি মো. শহিদ উদ্দিন আকবর। সংগঠনের মহাসচিব শফিকুল ইসলাম, উপদেষ্টা দাতা মাগফুর, রাজধানীর অঞ্চলভিত্তিক সভাপতি তাছলিমুর রহমান, ফাহিম আদনান খান, জাওয়াদুল হক, নজরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সূত্র জানায়, বৈঠকে প্রতিবছর নির্দিষ্টসংখ্যক যুব উদ্যোক্তাকে ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়েছে জেসিআই। বাণিজ্যমন্ত্রী বলেছেন, আগামী বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং সেখানে ভালো ব্যবসার সুযোগ রয়েছে। যুব ব্যবসায়ীরা সেই সুযোগটি নিতে পারেন।