রংপুর চেম্বারে ব্যবসায়ী ঐক্য পরিষদ বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত শনিবার রংপুরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে ব্যবসায়ী ঐক্য পরিষদ বিজয়ী হয়েছে।

গত শনিবার মধ্যরাতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ন্যাশনাল ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক মুরাদ হোসেন বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

প্রতিদ্বন্দ্বী প্যানেল দুটি ছিল রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরীর নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ ও বর্তমান চেম্বারের সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে আবুল কাশেম পরিষদ।

দ্বিবার্ষিক (২০১৭-১৯) নির্বাচনে সাধারণ বা জেনারেল গ্রুপে ১২ জনের মধ্যে সবাই ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সহযোগী বা অ্যাসোসিয়েট গ্রুপে ৬ জনের মধ্যে ৫ জন বিজয়ী হয়েছেন। আবুল কাশেম পরিষদের অ্যাসোসিয়েট গ্রুপ থেকে মাত্র ১ জন নির্বাচিত হয়েছেন। জেনারেল গ্রুপে ভোটার ৫৮২ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপে ভোটার ৫৩০ জন।

ঐক্য পরিষদের জেনারেল গ্রুপের পরিচালক পদের বিজয়ীরা হলেন মোস্তফা সোহরাব চৌধুরী, মনজুর আহমেদ, আজিজুল ইসলাম, দেবব্রত সরকার, আশরাফুল আলম আল আমিন, আমজাদ হোসেন চৌধুরী, পার্থ বোস, রিয়াজ শহীদ, ওবায়দুর রহমান, এমদাদুল হোসেন, মোতাহার হোসেন মণ্ডল ও শাহজাহান বাবু।

অ্যাসোসিয়েট গ্রুপ থেকে ব্যবসায়ী ঐক্য পরিষদের বিজয়ীরা হলেন মোজতোবা হোসেন, হাবিবুর রহমান, খেমচাঁদ সোমানী, প্রণয় বণিক ও জুলফিকার আজিজ খান এবং আবুল কাশেম পরিষদ থেকে একমাত্র বিজয়ী হলেন অজয় প্রসাদ।