রংপুর ডেইরি ও সায়হাম কটনকে এসইসির চিঠি
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড ও খাদ্য খাতের কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত টাকার ব্যবহার সম্পর্কে জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বৃহস্পতিবার এসইসির পক্ষ থেকে প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে এসইসি সূত্রে জানা যায়।সায়হাম কটনের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ কীভাবে কাজে লাগানো হচ্ছে, তা এসইসিকে জানানোর বিধান রয়েছে। উত্তোলিত ওই অর্থ সম্পূর্ণ ব্যবহার না হওয়া পর্যন্ত প্রতি মাস শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে এসইসিকে জানাতে হবে। কিন্তু সাহয়াম কটন সময়মতো এসইসিকে তথ্য জানাতে ব্যর্থ হয়েছে। এসইসির চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে কেন ওই তথ্য জানানো হয়নি, তার ব্যাখ্যা জানাতে সায়হাম কটনকে নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।রংপুর ডেইরিকে দেওয়া চিঠিতে বলা হয়, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের আইপিওর মাধ্যমে উত্তোলিত ২৭ কোটি ৫৭ লাখ টাকার মধ্যে এক কোটি ৮৩ লাখ টাকা অব্যবহূত রয়েছে। প্রতিষ্ঠানটি এই অর্থ-সম্পর্কিত তথ্য এসইসিকে জানাতে বিলম্ব করেছে। আর তাই চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে এই বিলম্বের কারণ জানাতে বলা হয়েছে চিঠিতে।