রংপুর, দিনাজপুরে ১ কোটি ৮৫ লাখ টাকা ঋণ বিতরণ রাকাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর ও দিনাজপুরের ৯৯ জন কৃষক ও পল্লি ঋণগ্রহীতাদের ১ কোটি ৮৫ লাখ ৬৯ হাজার টাকার ঋণ বিতরণ করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় মধ্যশিলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল বুধবার এ ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, কৃষকদের ঋণ বিতরণ ও আদায়ে স্বচ্ছতা এবং জবাবদিহির অংশ হিসেবে ৩৩০টি শাখার মাধ্যমে চার হাজার ৮৯৫ জন কৃষককে সাত কোটি ৯৪ লাখ টাকা ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে রাকাব। এরই অংশ হিসেবে এই ঋণ বিতরণ করা হয়েছে।
রাকাবের চেয়ারম্যান এম শাহনওয়াজ আলির সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ, রংপুরে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক খুরশীদ আলম, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক রেজাউল করিম বক্তব্য দেন।
অনুষ্ঠানে দিলোয়ার বখত ঋণগ্রহীতারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন এ ব্যাপারে রাকাবসহ রংপুর বিভাগের সব তফশিলী ব্যাংকের কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দেন।