রংপুরে এলপি গ্যাসের দাম আবার বেড়েছে
রংপুরে এলপি গ্যাসের দাম হঠাত্ করে আবার বেড়ে গেছে। এ নিয়ে গ্রাহকেরা চরম অসন্তোষ প্রকাশ করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস আগেও প্রতি সিলিন্ডার এলপি গ্যাস যেখানে ৯২০ টাকায় বিক্রি হয়েছে, সেখানে এখন তা বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকায়।অর্থাত্ এক মাসে রংপুরে সিলিন্ডারপ্রতি এ গ্যাসের দাম বেড়েছে ১৩০ টাকা। এ ছাড়াও গত এক সপ্তাহের ব্যবধানে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৩০ টাকার মতো। সরেজমিন ঘুরে দেখা যায় যে সরকারি প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি ও বেসরকারি টোটাল ব্র্যান্ডের এলপি গ্যাস সিলিন্ডারপ্রতি এক হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বেসরকারি আরেক প্রতিষ্ঠান বসুন্ধরার প্রতি সিলিন্ডার এলপি গ্যাস বিক্রি হচ্ছে এক হাজার ৪০ টাকায়। এদিকে সরকারিভাবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনে বাজারজাত এলপি গ্যাসের সিলিন্ডার এখন বাজারে পাওয়া যাচ্ছে না বলে ক্রেতারা অভিযোগ করেছেন। ভুক্তভোগী একজন গ্রাহক রফিকুল ইসলাম বলেন, এক মাস আগে যে গ্যাসের সিলিন্ডার কিনেছি ৯২০ টাকায়, তা এখন এক হাজার ৫০ টাকায় কিনতে হচ্ছে।প্রতি সপ্তাহেই এলপি গ্যাসের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন অনেক গ্রাহক। শহরের কাচারী বাজারে অবস্থিত এলপি গ্যাস সিলিন্ডারের খুচরা বিক্রেতা রাশেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা স্থানীয় ডিলারের কাছ থেকে কিনে থাকি। এখানে আমাদের তেমন কোনো লাভ থাকে না। ডিলাররা বেশি দামে বিক্রি করলে আমাদেরই বা কী করার আছে?’ স্থানীয় ডিলার রিপন বলেন, ‘গ্যাস বিক্রিতে তেমন একটা লাভ নেই। ঢাকা থেকে পরিবহন খরচসহ গ্যাস সিলিন্ডারের যে দাম পড়ে তাতে আমাদেরও কিছু করার নেই। বিষয়টি কোম্পানির ওপর নির্ভর করে।’টোটাল গ্যাসের বিক্রেতা মনোয়ার হোসেন বলেন, ‘কোম্পানির কাছে আমরা অনেকটা জিম্মি। দাম বাড়ায় তারা, আর গালমন্দ খেতে হয় আমাদের।’