রংপুরে কাল ও পরশু ব্যাংক খোলা রাখার নির্দেশ
রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামীকাল শুক্রবার ও পরশু শনিবার রংপুর মহানগরের সব তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়। রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগ্রহী প্রার্থীদের টাকা ব্যাংকে জমাদান ও নির্বাচনী ব্যয় পরিচালনার জন্য একটি নতুন ব্যাংক হিসাব খোলার প্রয়োজনীয়তার জন্য কাল ও পরশু সিটি করপোরেশন এলাকার সব তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি এরই মধ্যে সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অফিসে পাঠানো হয়েছে।নবগঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২০ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ নভেম্বর। এর আগের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের যাতে সমস্যা না হয় এর জন্যই বাংলাদেশ ব্যাংক এ ব্যবস্থা নিয়েছে।