রংপুরে পাঁচ দিনের এসএমই পণ্যমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল সকালে আঞ্চলিক এসএমই পণ্যমেলা উদ্বোধনের পরপরই আগ্রহীরা মেলা প্রাঙ্গণে ভিড় জমান। ছবিতে একটি স্টলে আগ্রহী ক্রেতাদের দেখা যাচ্ছে l প্রথম আলো
রংপুরে গতকাল সকালে আঞ্চলিক এসএমই পণ্যমেলা উদ্বোধনের পরপরই আগ্রহীরা মেলা প্রাঙ্গণে ভিড় জমান। ছবিতে একটি স্টলে আগ্রহী ক্রেতাদের দেখা যাচ্ছে l প্রথম আলো

ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের (এসএমই) উৎপাদিত দেশি পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পাঁচ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু হয়েছে।
গতকাল বেলা ১১টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত। উদ্বোধনের আগে মেলা প্রাঙ্গণের মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিব উল্লাহ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী, রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী প্রমুখ।
এই মেলায় বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে ৬৬টি এসএমই প্রতিষ্ঠান তাদের স্টল দিয়েছে। গতকাল উদ্বোধনের পরপরই নানা বয়সের মানুষের ভিড় লক্ষ করা গেছে।
নাসরিন আক্তার নামের এক গৃহিণী বলেন, ‘এ ধরনের মেলার আয়োজনে ভালো লাগছে। ঘুরছি ফিরছি দেখছি। পছন্দের পণ্য মিললে অবশ্যই কিনব।’
এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মজিবর রহমান জানান, ফাউন্ডেশনের আয়োজনে রংপুরে এটি প্রথম আঞ্চলিক পণ্যমেলা। মেলায় চামড়াজাত সামগ্রী, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, অন্যান্য স্বদেশি পণ্যের স্টল রয়েছে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।