রংপুরে ব্যবসায়ীদের সঙ্গে সোনালী ব্যাংক পর্ষদের মতবিনিময়
সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ গতকাল শনিবার রংপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছে।মতবিনিময় সভায় বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের আটটি জেলার ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। জেলাগুলো হচ্ছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়।স্থানীয় আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সোনালী ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম সভাপতিত্ব করেন।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে রংপুর-৪ আসনের সাংসদ টিপু মুন্সী, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, আনোয়ার শহীদ, সুভাষ চন্দ্র সিংহ রায়, লুত্ফর রহমান খান, কে এম জামান, সাইমুম সরওয়ার, জান্নাত আরা হেনরি, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) ফখরুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত এবং রংপুর শিল্প ও বণিক সমিতির সহসভাপতি আবুল কাশেম বক্তব্য দেন।সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফ, রংপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মোছাদ্দেক হোসেন ও সমবায় ব্যাংকের সভাপতি তুষার কান্তি মণ্ডল।