রংপুরে হনুমানতলায় কম দামি বাজারে মানুষজনের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগীয় শহরের হনুমানতলায় কয়েক বছর আগে গড়ে ওঠা কম দামি কাপড়ের বাজারে এবারও মানুষজন বেশ ভিড় করছে। এখানে তারা এখন ব্যাপকহারে ঈদের কেনাকাটা করছে।সরেজমিনে গিয়ে জানা যায়, হনুমানতলায় ৮০টি দোকান রয়েছে। এসব দোকানে নানা ধরনের কাপড় ৫০ টাকা গজ দরে বিক্রি হচ্ছে, যা ক্রেতাদের খুবই আকৃষ্ট করেছে। আর থ্রি-পিস, শাড়িসহ অন্যান্য কাপড় ও পোশাকের দামও বেশ কম। প্রায় ২০ কিলোমিটার দূর থেকে এই মার্কেটে আসা কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার হেলেনা বেগম জানান, এখানে হরেক রকমের জামা-কাপড় পাওয়া যায়। আর দামও অন্য বাজারগুলোর চেয়ে অনেক কম। ছোট বোনকে নিয়ে ১৫ কিলোমিটার দূর থেকে আসা সুফিয়া বেগম বলেন, ‘যে কাপড় এখানে ৫০ টাকা গজ দরে পাওয়া যায়, তা বড় বাজারগুলোতেও বেশি দামে কিনতে হয়। তাই প্রতিবছরের মতো এবারও এখানে কেনাকাটা করতে এসেছি।’নগরের খটখটিয়া এলাকার আলিমা বেগম বলেন, ‘বড় বাজার ঘুরে দেখেছি একই শাড়ির দাম এই বাজারের চেয়ে প্রায় ৩০০ টাকা বেশি। তাই এখান থেকেই ঈদের কেনাকাটা করব।’ লাহিড়ির হাট এলাকার মমতাজ বেগম বলেন, ‘অনেক বাজার ঘুরে দেখলাম এখানেই দাম কিছুটা কম।’ ‘কম দামি বাজার’-এর ব্যবসায়ী ইদ্রিস আলী জানান, তাঁদের বিক্রি ভালো হচ্ছে। আরেক ব্যবসায়ী শাহীন আহমেদ বলেন, কম লাভে ক্রেতাদের কাপড় বিক্রি করা হয় বলে এখানে তাঁরা ছুটে আসেন। মামা-ভাগিনা সুজের নূর আলম জানান, তাঁরা সব ধরনের স্যান্ডেল বিক্রি করেন। দামও বেশ কম, দেড় শ টাকার বেশি নয়। তাই দিন দিন ক্রেতাদের ভিড় বাড়ছে।