রকস ক্রিয়েশনের সঙ্গে যৌথ বিনিয়োগ করবে গণেশ জুয়েলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় পণ্য প্রদর্শনীর প্রথম দিনেই বাংলাদেশে অলংকার খাতে যৌথ বিনিয়োগের ঘোষণা এসেছে। ভারতের বিখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠান শ্রী গণেশ জুয়েলারি হাউস এই বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নীলেশ পোরেখ জানিয়েছেন, ‘স্বর্ণালংকার উৎপাদন খাতে তিনি বাংলাদেশে ৫০ কোটি রুপি বিনিয়োগ করবেন। বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এই বিনিয়োগ করা হবে। এরই মধ্যে বাংলাদেশি প্রতিষ্ঠানটির সঙ্গে বিনিয়োগসংক্রান্ত কথাবার্তাও চূড়ান্ত হয়েছে।’ তবে বিনিয়োগের চূড়ান্ত চুক্তি হওয়ার আগে বাংলাদেশি প্রতিষ্ঠানটির নাম প্রকাশে অনিচ্ছার কথা জানান নীলেশ পোরেখ। ভারতীয় রুপি ও বাংলাদেশি মুদ্রার বর্তমান বিনিময় হার অনুযায়ী, ৫০ কোটি ভারতীয় রুপি বাংলাদেশের প্রায় সাড়ে ৭৪ কোটি টাকার সমপরিমাণ। অবশ্য মেলার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশি প্রতিষ্ঠান রকস ক্রিয়েশনসের সঙ্গে যৌথ বিনিয়োগ করবে ভারতের শ্রী গণেশ। যোগাযোগ করা হলে রকস ক্রিয়েশনসের চেয়ারম্যান ইবনুল হাসান প্রথম আলোকে বলেন, ‘এরই মধ্যে আমাদের সঙ্গে ভারতের শ্রী গণেশের জুয়েলারির যৌথ বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। শিগগির দুই প্রতিষ্ঠানের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে।’ ইবনুল হাসান আরও বলেন, ভারতীয় প্রতিষ্ঠান এ খাতে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করবে, আমরাও তার সমপরিমাণ অর্থ বিনিয়োগ করব। রপ্তানি সম্ভাবনাকে সামনে রেখেই অলংকার প্রস্তুত করব আমরা।