রঙে রঙে রঙিন বাড়ি

সদ্য ফ্ল্যাট কিনেছেন তারেক আহমেদ। এবার ইট-সিমেন্টের ফ্ল্যাটের ভেতরটা সাজিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। প্রথমেই হাত দিয়েছেন রঙের কাজে। সেই কারণেই বাজার যাচাই করতে এসেছেন। তাঁর ইচ্ছা নানা রঙে উজ্জ্বল করে তুলবেন ফ্ল্যাটের ভেতরের দেয়ালগুলো।
স্থায়ী মাথা গোঁজার ঠাঁই গড়া সবারই স্বপ্ন। বাড়ি বানানোর সময় প্রথমে তা থাকে শুধুই রড-ইট-সিমেন্টের কাঠামো। এরপর শুরু হয় ভেতরে-বাইরে এর সৌন্দর্য বাড়ানোর কাজ। তাতে দেয়াল রঙিন করার কাজটি থাকে তালিকার ওপরের দিকেই।
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের ইন্টেরিয়র ডিজাইনার গুলসান নাসরীন চৌধুরির মতে, বাড়ি বা ফ্ল্যাটটি কোন এলাকায় তৈরি হচ্ছে তার ওপর রঙের বিষয়টি নির্ভর করে। একটি বাড়িকে যেন দূর থেকেই চিহ্নিত করা যায়, সে জন্যও অনেক সময় রঙের ধরন পরিবর্তন করতে হয়।
রঙের প্রকারের দিক থেকে ভেতরের ও বাইরের দেয়াল ফারাক তৈরি করে। বাড়ির ভেতরের দেয়ালে দেওয়া হয় একধরনের রং। আর বাইরের দেয়াল রাঙানো হয় ভিন্ন ধরনের রঙে। এগুলো রোদ-বৃষ্টিবান্ধব রং এবং সহজে পরিষ্কারও করা যায়। প্রস্তুতকারী কোম্পানিগুলোও সে অনুযায়ী পণ্য তৈরি করে থাকে। ইদানীং প্লাস্টিক পেইন্টের ব্যবহার বেশ বেড়েছে। এই রঙের মূল সুবিধা হলো, ময়লা হলে তা পরিষ্কার করা যায়।
বাজারে ইন্টেরিয়র ও এক্সটেরিয়র—এই দুই ধরনের রং পাওয়া যায়। বার্জার, এশিয়ান পেইন্টস, উজালা, রক্সি পেইন্টসহ কোম্পানিও আছে অনেকগুলো। বাইরের দেয়ালে রং করার জন্য বার্জার পেইন্টসের আছে ওয়েদার কোট অ্যান্টিডার্ট লংলাইফ ও ওয়েদার কোট স্মুথ। ভেতরের দেয়ালের জন্য আছে রবিয়ালাক অ্যাক্রিলিক প্লাস্টিক ইমালশন, রবিয়ালাক ইজি ক্লিন, লাক্সারি সিল্ক ইমালশন প্রভৃতি। এ ছাড়া পরিবেশবান্ধব রং হিসেবে আছে ব্রিদ ইজি।
ইন্টেরিয়র কালার হিসেবে এশিয়ান পেইন্টসের আছে রয়্যাল লাক্সারি ইমালশন, অ্যাপকোলাইট প্রিমিয়াম ইমালশন ইত্যাদি। অন্যদিকে বাইরের দেয়ালে ব্যবহারের জন্য আছে অ্যাপেক্স আল্টিমা, অ্যাপেক্সসহ আরও কিছু পণ্য। ভেতরের দেয়ালে রং করার জন্য রক্সি পেইন্টসের আছে রক্সি সিনথেটিক পলিভিনাইল ডিসটেম্পার ও অ্যাক্রিলিক প্লাস্টিক ইমালশন। এ ছাড়া বাইরের দেয়ালের জন্য আছে ওয়েদার গার্ড, রক্সি ওয়ালকেয়ার ইত্যাদি।
গুলসান নাসরীন চৌধুরি বলেন, বাইরের দেয়ালের ক্ষেত্রে রোদ-বৃষ্টিবান্ধব রং বাছাই করতে হবে। আর ভেতরের দেয়ালের জন্য প্লাস্টিক পেইন্ট ও ড্যাম্প প্রুফ রং বেছে নিতে হবে। আর পরিবেশবান্ধব রং ব্যবহার করা সবচেয়ে ভালো। সাধারণত দেয়াল রং করতে অনেক সময় প্রয়োজন হয়। রং ভালো না হলে এর গন্ধ থেকে যায় অনেক দিন। তাই রং বাছাইয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।
ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে এখন উজ্জ্বল ও অনুজ্জ্বল রং সমান গুরুত্ব পাচ্ছে বলে জানান গুলসান নাসরীন চৌধুরি। তিনি বলেন, সাধারণত একটি ঘরের চার দেয়ালের একটিকে রাঙানো হয় উজ্জ্বল রঙে। আর সেই অনুযায়ী সাজানো হয় ঘরের আনুষঙ্গিক আসবাবপত্র। এ ক্ষেত্রে ড্রয়িং, ডাইনিং ও বেডরুমে রঙের বৈচিত্র্য থাকে।
নিউমার্কেট ও কারওয়ান বাজারের বিভিন্ন রঙের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, ইন্টেরিয়র বা ভেতরের দেওয়ালের জন্য রঙের চাহিদা কিছুটা বেশি। শাহজাদা এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার শাফায়াত ইসলাম বলেন, অনেকে ভেতরের দেওয়ালে রং করেই বাড়িভাড়া দিয়ে দেয়। আবার কেউ কেউ বাইরের দেয়াল শুধু চুনকাম করেই ফেলে রাখে। তাই ভেতরের দেয়ালের জন্য রঙের চাহিদা তুলনামূলক বেশি।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মার্কেটিংয়ের ব্র্যান্ড ম্যানেজার নাভিদ সারোয়ার বলেন, দেয়ালকে নিরাপদ রাখাই রঙের কাজ। উপমহাদেশে হালকা রং ব্যবহারের ঐতিহ্য থাকলেও এখন উজ্জ্বল রং ব্যবহারের চল দেখা যাচ্ছে।
এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের একটি সূত্র জানিয়েছে, রং তৈরির ক্ষেত্রে একটি অঞ্চলের আবহাওয়াগত বৈশিষ্ট্য ভাবনায় রাখা হয়। যেহেতু বাংলাদেশে বৃষ্টি বেশি হয়, তাই সেই ধরনের রং বাছাই করা উচিত যা এমন পরিবেশে টিকে থাকতে পারবে। এতে বাড়ির রঙের স্থায়িত্বও বেশি হবে।
বাজারে কোম্পানিভেদে নানা সাইজের কনটেইনারে রং বিক্রি করা হয়। গ্যালনেও বিক্রি করা হয়। ১৮ লিটারের গ্যালন যেমন আছে, তেমনি আছে ৩ দশমিক ৬ লিটারের গ্যালন। ভেতরের দেয়ালের রঙের লিটারপ্রতি দাম পড়ে ১১০ থেকে ৪৫০ টাকার মধ্যে। বাইরের দেয়ালে ব্যবহার করা রংগুলোর দাম থাকে ৩০০ থেকে ৪৫০ টাকার মধ্যে। এ ক্ষেত্রে কোম্পানিভেদে রঙের দাম কিছুটা কম-বেশি হতে পারে।
আর চাইলে নিজের পছন্দমতো রংও তৈরি করে নেওয়া যায়। এখন ক্রেতাদের চাহিদা অনুযায়ী কোম্পানিগুলো তাদের কালার ব্যাংকের মাধ্যমে পছন্দসই রং তৈরি করে দেয়। সে ক্ষেত্রে ঘরের দেয়াল এমন রঙে রাঙানো যায়, যা অন্যের সঙ্গে মিলে যায় না। ফলে বাড়ির দেয়াল আপনার ব্যক্তিত্বকে যেমন দুর্দান্তভাবে ফুটিয়ে তুলতে পারে, তেমনি রুচির সঙ্গেও মানানসই
হয়ে ওঠে।