রজতজয়ন্তী পালন করল রিলায়েন্স ইনস্যুরেন্স

রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড সম্প্রতি ২৫তম বর্ষপূর্তি বা রজতজয়ন্তী উদ্যাপন করেছে।
রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবীর কণ্ঠে প্রতিষ্ঠানের রজতজয়ন্তীর গান দিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানমালা শুরু হয়। এরপর উন্মোচন করা হয় কোম্পানির রজতজয়ন্তীর লোগো। এ ছাড়া প্রতিষ্ঠানের দীর্ঘ ২৫ বছরের ইতিহাস নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন এবং প্রখ্যাত নৃত্যপরিচালক লুবনা মরিয়মের পরিচালনায় একটি সাংস্কৃতিক পরিবেশনা ছিল।
অনুষ্ঠানে রিলায়েন্স ইনস্যুরেন্সের চেয়ারম্যান শাহনাজ রহমান, ভাইস চেয়ারম্যান হাবিবুল্লাহ খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার আহমেদসহ পরিচালকমণ্ডলী ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাহনাজ রহমান বলেন, ‘প্রতিষ্ঠার ২৫ বছর পেরিয়ে গেছে, তবু রিলায়েন্স ইনস্যুরেন্সের জন্য এটি শুরু মাত্র। অধ্যবসায় ও আত্মবিশ্বাসের জোরেই আমরা অতিক্রম করে এসেছি এতটা বন্ধুর পথ। আমরা বিশ্বাস করি, সুনির্দিষ্ট উদ্দেশ্য ও অটুট আত্মবিশ্বাস থাকলেই অর্জিত হতে পারে অভীষ্ট লক্ষ্য।’
১৯৮৮ সালের ২০ মার্চ রিলায়েন্স ইনস্যুরেন্স প্রতিষ্ঠিত হয়। আর ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বিজ্ঞপ্তি।