রড উৎপাদনে স্বনির্ভরতার পথে বাংলাদেশ, রপ্তানিও হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসম্মত রড বা ইস্পাত উৎপাদনে দেশকে প্রায় স্বনির্ভর করে তুলেছেন উদ্যোক্তারা। এ কারণে নিরাপদ অবকাঠামো নির্মাণ অনেকটাই সহজ হয়েছে। আমদানি করার প্রয়োজন পড়ছে না। বরং সৃষ্টি হয়েছে সম্ভাবনার এক নতুন দুয়ার। সম্ভাবনার বিষয়টি নিয়ে উদ্যোক্তারা বলছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বছরে প্রায় ৩০ লাখ টন রডের প্রয়োজন হয়। যার পুরোটাই জোগান দেয় দেশীয় প্রতিষ্ঠানগুলো। যদিও এসব প্রতিষ্ঠানের বছরে উৎপাদন ক্ষমতা ৮০ লাখ টন পর্যন্ত।পুরো উৎপাদন ক্ষমতাকে কাজে লাগাতে পারলে রপ্তানিও করা সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা। তাঁরা বলেন, এ জন্য রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নিতে হবে। নীতির পাশাপাশি ১৫ শতাংশ নগদ সহায়তা দিতে হবে। অন্যদিকে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চার শতাধিক রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বা রি-রোলিং মিল আছে। অধিকাংশই হস্তচালিত পদ্ধতিতে রড উৎপাদন করলেও স্বয়ংক্রিয় পদ্ধতিতে রড উৎপাদক প্রতিষ্ঠান আছে ৩০টি।উৎপাদনকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান স্বল্প সময়ের ব্যবধানে ব্র্যান্ড হিসেবে সারা দেশে পরিচিতি পেয়েছে। এর মধ্যে বিএসআরএম, কেএসআরএম, আনোয়ার স্টিল, একে স্টিল, রহিম স্টিল, জিপিএস ইস্পাত, আবুল খায়ের গ্রুপ, শাহরিয়ার স্টিল অন্যতম। স্বাধীনতা-পরবর্তীকালে রড উৎপাদন করত হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। কিন্তু নব্বইয়ের দশকে এসে এ খাতে বিপ্লব ঘটে যায়। সে সময় বেসরকারি গৃহনির্মাণকারী বা ডেভেলপার প্রতিষ্ঠানগুলো আধুনিক অবকাঠামো নির্মাণে এগিয়ে আসে। তখন চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন উদ্যোক্তা রড উৎপাদনে আসেন। সংশ্লিষ্ট একাধিক উদ্যোক্তা বলেন, যমুনা সেতু তৈরির সময় রড বিদেশ থেকে আমদানি করা হয়। সে সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী মানসম্মত ইস্পাত তৈরির ক্ষমতা এ দেশে ছিল না। এখন এ মানের রড দেশে তৈরি হচ্ছে। কয়েক বছর ধরে উচ্চ প্রযুক্তির রড তৈরি করছে একাধিক প্রতিষ্ঠান। দেশীয় প্রতিষ্ঠানগুলো ৪০, ৬০ ও ৫০০ গ্রেডের এমএস রড ছাড়াও চ্যানেল, অ্যাঙ্গেল, স্কয়ার বার ও কয়েল উৎপাদন করে থাকে। এসব পণ্য উৎপাদনের প্রধান কাঁচামাল হচ্ছে মোল্ডিং স্ক্র্যাপ। মূলত অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, আমেরিকা ও ভারত থেকে এ কাঁচামাল আমদানি করা হয়। তবে জাহাজভাঙা শিল্প ও সারা দেশ থেকে ফেরিওয়ালাদের সংগ্রহ করা ভাঙারি মোল্ডিং স্ক্র্যাপ চাহিদার ১০ থেকে ১৫ শতাংশ মেটায়। মোল্ডিং স্ক্র্যাপকে পরিশোধন ও কিছু রাসায়নিক যোগ করে বিলেট তৈরি করা হয়। পরে এই বিলেট থেকেই উন্নতমানের রড উৎপাদন করা হয়। তবে এখনো ভাঙারি এবং জাহাজভাঙা শিল্প থেকে কাঁচামাল গলিয়ে নিম্ন ও মাঝারি মানের রড তৈরি করছে কিছু প্রতিষ্ঠান।রড উৎপাদনে বর্তমানে শীর্ষে আছে বিএসআরএম। ১৯৫২ সাল থেকে শুরু করে ৬০ বছর ধরে প্রতিষ্ঠানটি ব্যবসা করছে। এখন বিএসআরএম বছরে প্রায় সাড়ে ছয় লাখ টন রড উৎপাদন করছে। যা মোট দেশীয় বাজার চাহিদার ২৫ থেকে ২৬ শতাংশ। ২০০৮ সাল থেকে উচ্চ প্রযুক্তির ৫০০ গ্রেডের রড তৈরি করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্যমতে, রড উৎপাদনে দেশীয় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা। আর এ খাতের বার্ষিক অভ্যন্তরীণ বাজারের আয়তন প্রায় ১৮ হাজার কোটি টাকার। প্রতিবছর খাতটিতে প্রায় ১৩ শতাংশ করে প্রবৃদ্ধি হচ্ছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ লাখ শ্রমিক এ খাতের সঙ্গে জড়িত আছেন। অ্যাসোসিয়েশনটির চেয়ারম্যান এস কে মাসুদুল আলম প্রথম আলোকে বলেন, ‘সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায় উদ্যোক্তারা আজকের এই অবস্থানে এসেছেন। কিন্তু গ্যাস-বিদ্যুতের সংকট এবং ব্যাংকঋণের উচ্চ সুদের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি।’মাসুদুল আলম আরও বলেন, পোশাকের পাশাপাশি এ খাত থেকে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। এ জন্য নতুন বাজার সৃষ্টি করতে সরকারকে রপ্তানির উদ্যোগ নিতে হবে। প্রথমে পার্শ্ববর্তী ভারত, শ্রীলঙ্কা, মায়নমারের সরকারের সঙ্গে আলোচনা করে এটি শুরু করা যেতে পারে বলে মত দেন তিনি। তবে শীর্ষস্থানীয় একাধিক উদ্যোক্তা বলেন, রডের মান নিয়ে এখনো আরও কাজ করতে হবে। কারণ এখনো প্রায় ৫০ শতাংশ রড নিম্নমানের। এটি দেশের জন্য বড় ধরনের হুমকি। কারণ এসব নিম্নমানের রড দিয়ে অবকাঠামো নির্মাণ করলে ছোটখাটো দুর্যোগেই ভয়াবহ বিপদ হতে পারে। এ জন্য বিএসটিআইকে আরও শক্তিশালী করতে হবে। সংস্থাটি তদারকি বাড়ালেই কেবল এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহোসাইন এ প্রতিবেদককে বলেন, গত ছয়-সাত মাস ধরে তাঁরা ১২ ঘণ্টা করে গ্যাস পাচ্ছেন। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন কারণে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এ বিষয়টি নীতিনির্ধারকদের বিশেষভাবে সমাধানে উদ্যোগী হতে হবে। কারণ দেশের ‘বেসিক’ ইন্ডাস্ট্রিতে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ঠিক না থাকলে জিডিপি প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে। তিনি আরও বলেন, ‘রড রপ্তানিতে ব্যাপক সুযোগ আছে। এ জন্য সরকারকে নগদ সহায়তা দিতে হবে। কারণ কাঁচামাল আমদানি করে আমাদের পণ্য তৈরি করতে হয়।’ নগদ সহায়তা কেন প্রয়োজন—সেটি ব্যাখ্যা করে আমীর আলীহোসাইন বলেন, ‘আমাদের বন্দর ব্যবস্থাপনা ও ভৌগোলিক কারণে প্রতি টন কাঁচামাল আমদানিতে অন্য যেকোনো দেশের চেয়ে টনপ্রতি ২০ থেকে ২৫ ডলার বেশি খরচ করতে হয়। এতে পণ্যের দাম বেড়ে যায়। যা বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করার একেবারেই অনুকূল নয়।’