রডের আমদানিশুল্ক বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় রি-রোলিং ও স্টিল মিলগুলোকে টিকিয়ে রাখার স্বার্থে নির্মাণশিল্পের অন্যতম প্রধান উপকরণ রডের আমদানিশুল্ক পাঁচ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণের সুপারিশ করেছে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে তারা স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের দাম সহজলভ্য করতে এ খাতের কাঁচামাল আমদানিতে প্রাক-জাহাজীকরণ প্রথা (পিএসআই) বাতিল ও ডলারের মূল্য কমানোর সুপারিশ করেছে। তারা বিদ্যুৎ, গ্যাস ও রাজস্ব বোর্ডের অযথা হয়রানি বন্ধেরও দাবি করেছে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা এসব দাবি জানান। এ সময় সমিতির সভাপতি মাসাদুল আলম মাসুদ, মহাসচিব আবুল কাসেম মজুমদার, যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইলালম মৃধা, অর্থ পরিচালক মো. সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।সমিতির নেতারা বলেন, দেশের রি-রোলিং ও স্টিল মিলগুলোর উৎপাদিত পণ্য স্থানীয় চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকছে। এ অবস্থায় স্থানীয় কারখানাগুলোকে টিকিয়ে রাখার স্বার্থে প্রতিবেশী দেশ ভারতের উত্তর-পূর্ব সাতটি রাজ্যে রপ্তানি করা সম্ভব। এ জন্য রপ্তানি-প্রক্রিয়া সহজ করতে হবে এবং ভারতকে বিএসটিআইয়ের সনদ নিতে হবে। এ ব্যাপারে তাঁরা সরকারের সহায়তা কামনা করেন। তাঁরা শিপ ব্রেকিং ইয়ার্ডের সিন্ডিকেট পদ্ধতিতে উচ্চমূল্যে মজুদ করা স্ক্র্যাপ বিক্রি বন্ধ করার জন্য সরকারের সহায়তা চেয়েছেন।