রডের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রডের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি দাবি করেছে তিনটি ব্যবসায়িক সংগঠনের নেতারা। এগুলো হচ্ছে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন ও রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন।

রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের মিলনায়তনে আজ বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে রডের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি করেন তিন সংগঠনের নেতারা। এতে বক্তব্য দেন অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মানোয়ার হোসেন।

উৎপাদন ও বিক্রয় পর্যায়ে রডের ওপর ভ্যাট প্রত্যাহার দাবি করে মানোয়ার হোসেন বলেন, ২০০৯ সাল থেকে সরকার ইস্পাত খাতকে উৎসাহ দিয়ে আসছে। তবে একটি বাজেটে সব নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, ২০০৯ সালে রডের বার্ষিক ব্যবহার ছিল ১৮ লাখ টন। বর্তমানে সেটি বেড়ে ৫০ লাখ টন হয়েছে। তারপরও পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে আমাদের মাথাপিছু ইস্পাতের ব্যবহার এখনো সর্বনিম্ন। তিনি বলেন, ভ্যাটের কারণে রডের দাম যদি ৫৭ হাজার ৫০০ টাকা হয়ে যায়, তবে তা মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। দেশে ব্যবহৃত মোট রডের প্রায় ৩০ শতাংশই বর্তমানে যায় গ্রাম-গঞ্জে। রডের দাম বাড়লে ব্যবহার কমে যাবে। গ্রাম-বাংলার উন্নয়ন থমকে যাবে।

মানোয়ার হোসেন বলেন, দেশে একটি কথা প্রচলিত আছে—ভাবিয়া করিও কাজ। তবে ইস্পাত খাতে যে ভ্যাট আরোপ করা হয়েছে, সেটি ভেবে করা হয়নি। সব রোগের চিকিৎসা যেমন প্যারাসিটামল দিয়ে হয় না, তেমনি গণহারে ভ্যাট আরোপের ফল ভালো হবে না। পাইকারি ও খুচরা পর্যায়ে ভ্যাট আরোপের কারণে হয়রানি বাড়বে বলে মন্তব্য করেন মানোয়ার হোসেন। তিনি বলেন, ব্যবসায়ীরা এখনো প্রস্তুত না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফজলুর রহমান, অটো-রি রোলিং অ্যান্ড স্টিল মিলসের সাবেক চেয়ারম্যান শেখ মাসাদুল আলম প্রমুখ।