রডের দাম আরও বাড়ার আশঙ্কা মিলমালিকদের
ডলারের মূল্যবৃদ্ধির অস্থিরতা রোধ ও ব্যাংকঋণের সুদহার নির্ধারণের দাবি জানিয়ে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিল মালিকদের সমিতি বলেছে, এগুলো করা না গেলে প্রতিটন রডের মূল্য দাঁড়াবে ৮০ হাজার টাকা।গত মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন সমিতির নেতারা। এতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শেখ মাসাদুল আলম, কাজী শাকিল, সাইফুর রহমান, সিরাজুল ইসলাম, আবদুস সালাম প্রমুখ।সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব আবুল কাসেম মজুমদার বলেন, ডলারের মূল্য নিয়ে অস্থিরতা, বিদ্যুৎ ও লুব্রিকেন্টের মূল্যবৃদ্ধি, অনিয়ন্ত্রিত সুদহারসহ সবকিছু মিলে ৫০০টি এমটি রডের উৎপাদন খরচ ১৮ হাজার টাকা বেড়ে গেছে। কিন্তু মাত্র ১০ হাজার টাকা সমন্বয় করা হয়েছে। তা ছাড়া নানা অস্থিরতায় রডের চাহিদা কমে গেছে। এতে মিলগুলোকে উৎপাদন কমাতে হবে। উৎপাদন কমলে রডের উৎপাদন ব্যয় আরও বাড়বে।সমিতির অন্য দাবিগুলো হচ্ছে: সরকারি পর্যায়ে রডের মূল্য পুনর্নির্ধারণ, এ খাতের ভ্যাট ও ট্যাক্স কমানো, সুনির্দিষ্ট লাইসেন্স ফি নির্ধারণ ও পিএসআই প্রথা প্রত্যাহার, আয়কর ও কাস্টমস কর্মকর্তাদের অহেতুক হয়রানি বন্ধ এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়িয়ে অপচয় রোধ করে ভর্তুকি সমন্বয় করা।