রডের দাম বাড়ায় রিহ্যাবের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রডের মূল্য বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ জানিয়ে তা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার দাবি জানিয়েছে দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। 

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিহ্যাব এ দাবি জানায়। এতে বলা হয়, গত মার্চের শুরুতে বিলেটের মূল্য বৃদ্ধির কথা বলে ইস্পাতসামগ্রী, বিশেষ করে রডের মূল্য প্রায় ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। এ ছাড়া আগামী জাতীয় বাজেটে রড তৈরির কাঁচামাল বিলেটের ওপর কর বৃদ্ধি করা হবে বলে শোনা যাচ্ছে। এটি হলে রডের মূল্য আরও বাড়বে। এতে বেসরকারি আবাসন খাতের পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পে নেতিবাচক প্রভাব পড়বে। তখন সরকারের রাজস্ব বৃদ্ধির চেয়ে কমতে পারে।
রিহ্যাব রডের মূল্য বৃদ্ধির প্রবণতা বন্ধ করে তা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা ও বিলেটের ওপর অতিরিক্ত কর আরোপ না করার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি মেট্রিক টন ৬০ গ্রেডের এমএস রড বিক্রি হচ্ছে ৫২ হাজার থেকে ৫৪ হাজার টাকায়। এক মাস আগে এই রডের দাম ছিল ৪৪ হাজার থেকে ৪৬ হাজার টাকা। অন্যদিকে প্রতি মেট্রিক টন ৪০ গ্রেডের এমএস রডের দাম এখন ৪৪ হাজার থেকে ৪৬ হাজার টাকা। মাস খানেক আগে এই রডের দাম ছিল ৩৯ হাজার থেকে ৪২ হাজার টাকা।