রডের দাম ১০ হাজার টাকা বাড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ইস্পাত খাতের ব্যবসায়ীদের তিনটি সংগঠনের সংবাদ সম্মেলন

আগামী অর্থবছর থেকে ১৫ শতাংশ ভ্যাট আরোপের ফলে রডের দাম প্রতি টনে ৭ হাজার ৮০০ টাকা বাড়বে। তার সঙ্গে গ্যাস-বিদ্যুতের বাড়তি দাম যোগ করলে সব মিলিয়ে প্রতি টন রডের দাম বর্তমানের চেয়ে ১০ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করেছে ইস্পাত খাতের ব্যবসায়ীদের তিনটি সংগঠন।

সংগঠন তিনটির শীর্ষ নেতারা বলেছেন, ভ্যাট আরোপের কারণে রডের ব্যবহার ব্যাপক হারে কমবে। গ্রাম-বাংলার উন্নয়ন থমকে যাবে। সরকারের প্রকল্প ব্যয় বাড়বে। শহরাঞ্চলে ফ্ল্যাটের দাম বেড়ে যাবে। এমনকি মূল্যস্ফীতি দেখা দিতে পারে।

রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কা করে রডের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি করেছেন ইস্পাত খাতসংশ্লিষ্ট তিন সংগঠনের নেতারা। সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন এবং রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মানোয়ার হোসেন।

বর্তমানে দেশে বছরে ৫০ লাখ টন রড ব্যবহার হয়। এর মধ্যে সরকারি প্রকল্পে ৪০ শতাংশ এবং শহর ও গ্রামে ৩০ শতাংশ করে ৬০ শতাংশ রড ব্যবহার হয়। এমন তথ্য দিয়ে মানোয়ার হোসেন বলেন, একটি স্থাপনার কাঠামো দাঁড় করাতে কেবল রডের পেছনে ৪০-৪৫ শতাংশ অর্থ খরচ হয়। তাই ভ্যাটের কারণে রডের দাম বাড়লে প্রকল্পের ব্যয় সাড়ে পাঁচ থেকে ছয় শতাংশ বাড়বে।

মানোয়ার হোসেন বলেন, ‘দেশে একটি কথা প্রচলিত আছে, ‘‘ভাবিয়া করিও কাজ’’। তবে ইস্পাত খাতে যে ভ্যাট আরোপ করা হয়েছে, সেটি ভেবে করা হয়নি। সব রোগের চিকিৎসা যেমন প্যারাসিটামল দিয়ে হয় না, তেমনি রডের ওপরেও ভ্যাট বসালে হবে না। ইস্পাত হচ্ছে যেকোনো দেশের মূল শিল্প খাত। এ খাতে আমরা এখনো বাচ্চা। ফলে এই সময়ে খাতটিকে ধাক্কা দেবেন না।’ তিনি দাবি করেন, রডের ওপর ভ্যাট আরোপ নিয়ে এনবিআরসহ সরকারের মধ্যেও আলাপ-আলোচনা চলছে।

ভ্যাটের পাশাপাশি গ্যাস-বিদ্যুতের সমস্যা নিয়ে কথা বলেন মানোয়ার হোসেন। তিনি বলেন, ‘এখনই আমরা ঠিকমতো গ্যাস-বিদ্যুৎ পাচ্ছি না। গতকাল (মঙ্গলবার) আমার কারখানায় আটবার লোডশেডিং হয়েছে। আমরা মানসম্পন্ন (কোয়ালিটি) বিদ্যুৎ পাচ্ছি না। আবার বাড়তি দাম দিচ্ছি। সবকিছুর একটা সীমা (লিমিট) আছে। এভাবে যদি দাম বাড়িয়ে যেতে থাকেন তাহলে কোনো না কোনো সময় জনগণ প্রতিক্রিয়া দেখাবে। আমরা সরকারকে উপদেশ দেওয়ার ক্ষমতা রাখি না। তবে আমাদের কথাও শুনতে হবে।’

মানোয়ার হোসেন বলেন, ‘আমাদের দেশের চেয়ে ভারতে যদি ১০ হাজার টাকা কমে রড কিনতে পাওয়া যায় তবে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা যাবে।’ এ ছাড়া পাইকারি ও খুচরা পর্যায়ে ভ্যাট আরোপের কারণে হয়রানি বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

ভ্যাট আইন কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। তবে এরই মধ্যে রডের দাম কিছুটা বেড়েছে। এ বিষয়ে জানতে চাইলে মানোয়ার হোসেন বলেন, ‘গত ফেব্রুয়ারিতে কাঁচামাল আমদানিতে প্রতি টনে আমরা ৬০ ডলার করে বাড়তি দাম দিচ্ছি। বাজারে তার প্রভাব কিছুটা পড়েছে, তবে যতটা পড়ার কথা ততটা না। মিলভেদে এখন রডের দাম টনপ্রতি ৪৮ থেকে ৫২ হাজার টাকা ওঠানামা করছে।’

মানোয়ার হোসেন বলেন, ‘বাজেটে টিভি ও ফ্রিজের ভ্যাট অব্যাহতি রাখা হয়েছে। রডের ওপর ভ্যাট বসানো হয়েছে। মানুষ টিনের ঘর থেকে দালানকোঠায় যাবে, সেটি নিশ্চিত না করে তাকে আগেই টিভি-ফ্রিজ দেওয়াটা যেন কেমন-কেমন লাগছে। সন্দেহের চোখে দেখতে হচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফজলুর রহমান, অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলসের সাবেক চেয়ারম্যান শেখ মাসাদুল আলম প্রমুখ।