রডের বাজার নিয়ন্ত্রণে ঢাকা স্টিল চালু করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রডের বাজার নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) বন্ধ রি-রোলিং কারখানা ঢাকা স্টিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চালু করার দাবি জানিয়েছেন সংস্থাটির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা। শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর সঙ্গে গতকাল বুধবার বিএসইসির কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতাদের মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। তাঁরা সংস্থার বন্ধ থাকা আরও তিনটি শিল্প-কারখানা চালুসহ বিএসইসির উৎপাদিত পণ্য কেনা সরকারি প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক করার দাবি জানান। সভায় বিএসইসির চেয়ারম্যান মো. আতাউর রহমান সভাপতিত্ব করেন। এতে বিএসইসি কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, কর্মকর্তা সমিতির সভাপতি মো. শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, বিএসইসি গত অর্থবছরে ৬৬ কোটি ৬৯ লাখ টাকার মুনাফা অর্জন করেছে। একই সময় বিএসইসির অধীন নয়টি শিল্প-কারখানা মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) বাবদ সরকারের কোষাগারে ৪৭১ কোটি ৯৩ লাখ টাকা জমা দিয়েছে।পরে প্রতিমন্ত্রী বিএসইসির শিল্প কারখানাগুলোর সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে সংস্থার পরিচালনা পর্ষদ ও বিভিন্ন কারখানার এমডিদের সঙ্গে মতবিনিময় করেন।