রতন টাটার ভুল সিদ্ধান্তে চলেছে টাটা গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রতন টাটা ও সাইরাস মিস্ত্রি
রতন টাটা ও সাইরাস মিস্ত্রি

টাটা গ্রুপের অপসারিত চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি অভিযোগ করেছেন, টাটার ইতিহাসে অনেক ভুল সিদ্ধান্ত ছিল, যার কারণে ঋণ বেড়েছে বহু গুণ। লাভের সম্ভাবনা না থাকা সত্ত্বেও ন্যানো গাড়ি তৈরি চালিয়ে যাওয়ার মতো বেশ কিছু সিদ্ধান্তে ব্যবসার চেয়ে টাটার ব্যক্তিগত পছন্দ ও আবেগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি টাটা সন্সের পরিচালনা পর্ষদ সদস্যদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় এসব কথা বলেন সাইরাস। রয়টার্সের এক প্রতিবেদনে ই-মেইলের কপি প্রকাশ করা হয়।
সাইরাসের দাবি, প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিয়ে টাটার এই ছবি বদলাতে চেয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পর ইন্ডিয়ান হোটেলস, টাটা মোটরসের যাত্রীগাড়ি, টাটা স্টিলের ইউরোপীয় শাখা, টাটা পাওয়ারের একাংশ ও টাটা টেলি—এই পাঁচ ব্যবসাই খুব খারাপ অবস্থায় হাতে পান তিনি। এর প্রতিটির পেছনেই রতন টাটার ভুল সিদ্ধান্ত ছিল।
আত্মপক্ষ সমর্থন এবং ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ না দিয়ে টাটা গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে বলে অভিযোগ করেছেন সাইরাস। গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হওয়ার পর এই প্রথম মুখ খুললেন তিনি। ই-মেইলে সাইরাস মিস্ত্রি জানান, ‘যেভাবে চেয়ারম্যানের পদ থেকে আমাকে সরানো হলো, তাতে টাটা বোর্ডের গৌরব বাড়েনি। করপোরেট ইতিহাসে এমনটা ঘটেনি কখনো।’

টাটা গ্রুপের দিকে অভিযোগের তির ছুড়ে সাইরাস মিস্ত্রি বলেন, ‘আমার এই চিঠি লেখার কারণ, গ্রুপে করপোরেট সুশাসনের যে অভাব এবং দায়িত্ব পালনে পরিচালকদের একাংশের ব্যর্থতা বোর্ড যেন বুঝতে পারে।’ সাইরাসের দাবি, দায়িত্ব নেওয়ার সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে বলে শর্ত দেন তিনি। কিন্তু রতন টাটা ও টাটা ট্রাস্ট কখনো তাঁকে তা দেননি।

চলতি সপ্তাহে ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়া হয়। সাইরাসকে সরিয়ে আগের চেয়ারম্যান রতন টাটাকে ফিরিয়ে আনা হয়।