রপ্তানি আয় বেড়েছে
চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) দেশের পণ্য রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৪৬৮ কোটি ৫৮ লাখ ডলার। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৫৬ শতাংশ বেশি। তবে তা আলোচ্য সময়ের ১ হাজার ৫৬০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৪২ শতাংশ কম।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ বৃহস্পতিবার এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, শুধু ডিসেম্বরে ২৮৪ কোটি ডলারের রপ্তানি আয় হয়েছে। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৮৪ শতাংশ কম ও আগের ডিসেম্বরের ২৭২ কোটি ডলারের চেয়ে ৪ দশমিক ৩৩ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে তৈরি পোশাকের রপ্তানি আয় হয়েছে ১ হাজার ২০২ কোটি ডলার। এর মধ্যে নিট পোশাক থেকে ৬০৬ ও ওভেন থেকে এসেছে ৫৯৬ কোটি ডলার। এর মধ্যে ওভেনে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। আর পোশাকশিল্পের মোট রপ্তানি আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে দশমিক ৭৭ শতাংশ বেশি। তবে আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৮৪ শতাংশ কম।
ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মোট পণ্য রপ্তানির ৮১ শতাংশ এসেছে পোশাক খাত থেকে। ফলে এ খাতের নিম্ন প্রবৃদ্ধি ও লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার কারণেই সামগ্রিকভাবে পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। সব মিলিয়ে পোশাক রপ্তানি আয় খুব একটা সন্তোষজনক না হলেও আলোচ্য সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য এবং পাট ও পাটজাত পণ্যে ভালো করেছে বাংলাদেশ। প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে সাড়ে ৬ ও ৯ শতাংশ।