রপ্তানি আয়ে ২৩ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পণ্য রপ্তানি আয়ে ২৩ মাসের মধ্যে সর্বোচ্চ ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে গত আগস্টে। মাসটিতে ২৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের আগস্টের ২১৬ কোটি ডলারের চেয়ে ২৭ দশমিক ৭৩ শতাংশ বেশি। সর্বশেষ ২০১৩ সালের সেপ্টেম্বরে ২৫৯ কোটি ডলার রপ্তানির বিপরীতে ৩৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।
এক মাসের হিসাবে ভালো করলেও সামগ্রিকভাবে দেশের পণ্য রপ্তানি প্রবৃদ্ধি তলানিতেই আছে। চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই-আগস্টে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৫ শতাংশ। গত জুলাইয়ে ২৬২ কোটি ডলারের রপ্তানি হলেও প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক, প্রায় ১২ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫৩৮ কোটি ৪৩ লাখ ডলার। এই আয় ৫৬৫ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৮২ শতাংশ কম। তবে গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের ৫১৪ কোটি ডলারের চেয়ে ৪ দশমিক ৭১ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গত মঙ্গলবার রপ্তানি আয়ের এই সর্বশেষ পরিসংখ্যানটি প্রকাশ করেছে। এতে দেখা যায়, মোট পণ্য রপ্তানির মধ্যে ৮৩ শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে, অর্থাৎ ৪৪৮ কোটি ৫০ লাখ ডলার। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৮৫ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের ৪২২ কোটি ডলারের চেয়ে ৬ দশমিক ১৫ শতাংশ বেশি। গত জুলাইয়ে ছিল ঋণাত্মক প্রবৃদ্ধি, ১২ শতাংশ। সেই হিসাবে আগস্ট শেষে পোশাক রপ্তানি পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে।
অবশ্য পোশাক রপ্তানি প্রবৃদ্ধির এই ওঠানামাকে বিপদসংকেত বলেই মনে করেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্রবৃদ্ধি ধরে রাখতে হলে আমাদের প্রতিযোগিতা-সক্ষম হতে হবে। অনেক দিন ধরেই ডলারের বিপরীতে টাকা শক্তিশালী। এতে করে আমরা প্রতিযোগী দেশের সঙ্গে অলিখিত মূল্যযুদ্ধে অবতীর্ণ হয়েছি।’
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পাট ও পাটজাত পণ্য, বিশেষায়িত বস্ত্র, প্রকৌশল পণ্য, হস্তশিল্পের ও আসবাবের রপ্তানি আয় বেড়েছে। তবে হিমায়িত খাদ্য, কৃষিজাত পণ্য, প্লাস্টিক পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, কার্পেট, বাইসাইকেলসহ বিভিন্ন পণ্যের রপ্তানি আয় কমে গেছে।
ইপিবি বলছে প্রথম দুই মাসে ১৩ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়, যা গত বছরের একই সময়ের ১১ কোটি ডলারের চেয়ে ১৫ শতাংশ বেশি। এ ছাড়া প্রকৌশল পণ্যে ৯ কোটি ৮২ লাখ, কৃষিজাত পণ্যে ৯ কোটি ৭৫ লাখ, হিমায়িত খাদ্যে ৭ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে।