রপ্তানি আয়ের প্রবৃদ্ধি বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জুলাই-নভেম্বর সময়ে দেশের পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চার মাস ধরে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ গত জুলাই মাসে লক্ষ্যমাত্রা অর্জিত হয়। তবে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধীরে ধীরে বাড়ছে। প্রথম চার মাসে ৩ দশমিক শূন্য ৮০ শতাংশ হলেও পাঁচ মাস শেষে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৬ শতাংশ। আলোচ্য সময়ে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে এক হাজার ১৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার, যা একই সময়ের এক হাজার ৬৪ কোটি ৯০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৮৪ শতাংশ কম। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য থেকে এসব তথ্য জানা যায়। পাঁচ মাসের পণ্য রপ্তানি আয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই সময়ে নিট পোশাক, পাট ও পাটজাত পণ্য, কৃষিজাত পণ্য, চামড়াজাত পণ্য, হস্তশিল্প, পাদুকা, কার্পেটসহ কয়েকটি পণ্যের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় প্রবৃদ্ধি কিছুটা বেড়েছে। তবে ওভেন পোশাক, টেরিটাওয়েল, হোমটেক্সটাইল, বাইসাইকেল, হিমায়িত খাদ্যসহ বেশ কয়েকটি প্রধান পণ্যের রপ্তানি আয় কম হওয়ায় সামগ্রিকভাবে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। শুধু নভেম্বরে রপ্তানি আয় হয়েছে ১৭৬ কোটি ৫০ লাখ ডলার, যা এই সময়ে ১৯৯ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক ৩৫ শতাংশ কম। তবে এই আয় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৯৩ শতাংশ বেশি। ইপিবির তথ্যমতে আলোচ্য সময়ে রপ্তানি আয়ের শীর্ষে রয়েছে নিট পোশাক খাত। দ্বিতীয় স্থানে রয়েছে ওভেন পোশাক খাত। নিটে ৪০৬ কোটি ৬৯ লাখ ডলার আয় হয়েছে, যা লক্ষ্যমাত্রা চেয়ে শূন্য দশমিক ৭৪ শতাংশ বেশি। অন্যদিকে ওভেনে ৩৯২ কোটি ৮৩ লাখ ডলার রপ্তানি আয় হয়, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৪৭ শতাংশ কম। আলোচ্য সময়ে নিট ও ওভেন খাতের এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ১ দশমিক ৭৪ ও ১০ দশমিক ১৬ শতাংশ বেশি।