রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পণ্য রপ্তানি আয়ে প্রতি মাসে গড়ে ৯ থেকে ১০ শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছে। তবে ১০ মাস ধরে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ফলে চলতি অর্থবছর শেষে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে।

চলতি ২০১২-১৩ অর্থবছরের দুই হাজার ৮০০ কোটি ডলার লক্ষ্যমাত্রার মধ্যে জুলাই-মে পর্যন্ত ১১ মাসে রপ্তানি আয় হয়েছে দুই হাজার ৪৩২ কোটি ১৯ লাখ ডলার। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৩৩ শতাংশ কম। এখন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে চলতি জুন মাসে মোট ৩৬৮ কোটি ডলারের পণ্য রপ্তানি করতে হবে।

তবে পরিসংখ্যান অনুয়ায়ী, চলতি অর্থবছরে এককভাবে কোনো মাসেই ২৫৫ কোটি ডলারের বেশি রপ্তানি আয় হয়নি। অর্থবছরের ১১ মাসের মধ্যে গত জানুয়ারিতে সর্বোচ্চ ২৫৫ কোটি ডলার আয় হয়। তা ছাড়া মে মাসে ২৫৩, আগস্টে ২৪৮ ও জুলাইয়ে ২৩৪ কোটি ডলার আয় হয়।

তবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু সম্প্রতি বলেন, লক্ষ্যমাত্রা অর্জনের একটা সম্ভাবনা আছে। সব লক্ষ্যমাত্রাই মূলত একটি অনুমানের ভিত্তিতে করা হয়। অনেক সময় এটি বাস্তবসম্মত হয় না। আর এটির উদ্দেশ্য আমরা যেন একটি নিদিষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রচেষ্টা চালাতে পারি।

ইপিবির সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১১ মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬৭ শতাংশ। গত অর্থবছর একই সময়কালে দুই হাজার ১৯৭ কোটি ডলার রপ্তানি আয় হয়, যেখানে প্রবৃদ্ধি ছিল ৭ শতাংশ।

লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও তৈরি পোশাক (নিট ও ওভেন) খাতের প্রবৃদ্ধির কারণে সামগ্রিক রপ্তানি ইতিবাচক ধারায় আছে। বরাবরের মতো এবারও রপ্তানির শীর্ষে থাকা ওভেন ও নিট পোশাক খাত দুটির এখন পর্যন্ত রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৪ দশমিক ১০ ও ৯ দশমিক ৫৬ শতাংশ।

আলোচ্য সময়ে নিট পোশাক ও পাট ছাড়া হিমায়িত খাদ্য, চিংড়ি, প্লাস্টিক পণ্য, টেরিটাওয়েল, হোম টেক্সটাইল, রাবারসহ বেশ কিছু প্রধান রপ্তানি পণ্য আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, লক্ষ্যমাত্রা ও আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ওভেন পোশাক, পাদুকা, কৃষিজাত পণ্য, চা, শুকনো খাবার, চামড়া ও চামড়াজাত প্রভৃতি পণ্যে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় বলেছেন, ‘রপ্তানি প্রবৃদ্ধির ধারা সুসংহত রাখতে আমরা পণ্য ও বাজার বহুমুখীকরণ এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে প্রচেষ্টা অব্যাহত রাখছি।’ তিনি আরও বলেন, ‘পূর্বাভাস অনুযায়ী বিশ্ব অর্থনীতির ইতিবাচক পরিবর্তন বৈদেশিক বাণিজ্যে গতি সঞ্চার করবে। আগামী বছরের জন্য আমাদের অনুমান হলো রপ্তানি আয় প্রায় ১৫ শতাংশ বাড়বে।’