রপ্তানি আয় এক হাজার কোটি ডলার ছাড়াল
বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির আয় এক হাজার কোটি ডলার ছাড়িয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ বৃহস্পতিবার বিকেলে হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, এতে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে এক হাজার ১৩ কোটি ডলার।
অবশ্য এই চার মাসের জন্য ইপিবি যে রপ্তানি লক্ষ্যমাত্রা ঠিক করেছিল, এর চেয়ে পিছিয়ে আছেন রপ্তানিকারকেরা। লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৫২ কোটি ডলার। রপ্তানি হয়েছে এর চেয়ে ৩ দশমিক ৭৩ শতাংশ কম।
লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি কম হলেও গত অর্থবছরের প্রথম চার মাসের চেয়ে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৫ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরের এই সময়ে রপ্তানি হয়েছিল ৯৬৫ কোটি ২৬ লাখ ডলারের পণ্য।
চলতি অর্থবছরের প্রথম তিন মাস মানে জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি আয় গত বছরের প্রায় সমান ছিল। কিন্তু চার মাস পরে এসে যে রপ্তানি আয়ে উল্লম্ফন ঘটেছে, এর বড় কারণ হলো অক্টোবর মাসে বেশি পণ্য রপ্তানি হওয়া।
ইপিবি বলছে, গত বছরের অক্টোবরে বাংলাদেশ থেকে ১৯৫ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়। কিন্তু এ বছরের অক্টোবরে রপ্তানি হয়েছে ২৩৭ কোটি ১৫ লাখ ডলারের পণ্য। গত বছরের চেয়ে এই অক্টোবরে রপ্তানি বেড়েছে ২১ শতাংশ। এই অক্টোবরের আয়ের ওপর ভর করেই চার মাসে রপ্তানি আয় এক হাজার কোটি ডলার ছাড়িয়েছে।
দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশিই আসে তৈরি পোশাক খাত থেকে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে পোশাক খাত (নিট ও ওভেন পোশাক) থেকে ৮২৩ কোটি ৮৩ লাখ ডলার আয় হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ৬ শতাংশ বেশি। সে বছরের প্রথম চার মাসে আয় হয় ৭৭৫ কোটি ২৬ লাখ ডলারের পোশাক। আগের বছরের চেয়ে রপ্তানি বেশি হলেও এই আয় এবারের লক্ষ্যমাত্রার চেয়ে ৪ শতাংশ কম। লক্ষ্যমাত্রা ছিল ৮৫৯ কোটি ৭৯ লাখ ডলার।
ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রথম চার মাসে বড় বড় রপ্তানি খাত যেমন—চিংড়ি, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য এবং হোম টেক্সটাইলের রপ্তানি বেশ কমেছে।