চলতি ২০১০-১১ অর্থবছরের রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, এ বছরের এক লাখ ৩০ হাজার কোটি টাকা (প্রায় দুই হাজার কোটি ডলার) লক্ষ্যমাত্রার বিপরীতে গত ছয় মাসেই ৮০ হাজার কোটি টাকা রপ্তানি আয় হয়েছে। বছর শেষে তা এক লাখ ৩০ হাজার শুধু নয়, এমনকি এক লাখ ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশকে মালয়েশিয়া ও ইতালির ন্যায় উন্নত করতে হলে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ শিল্প ও উন্নয়ন পরিষদ (বিআইডিসি) আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক তাহমিনা আখতার। বিআইডিসির চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহম্মেদ চৌধুরী এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক। বক্তারা রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির জন্য দেশ উন্নত হতে পারছে না বলে অভিমত দেন। সরকারের বেশির ভাগ সময় রাজনৈতিক কর্মসূচি মোকাবিলায় ব্যয় হয় বলেও মনে করেন তাঁরা। উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে এক হাজার ২৬ কোটি ৩৭ লাখ ডলার যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ বেশি। বিজ্ঞপ্তি।