রপ্তানি আয় কিছুটা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই-অক্টোবর সময়ে এসে পণ্য রপ্তানির প্রবৃদ্ধি কিছুটা বেড়েছে। প্রথম তিন মাসে প্রবৃদ্ধি ২ দশমিক শূন্য ৭ শতাংশ হলেও চার মাস শেষে তা দাঁড়িয়েছে ৩ দশমিক শূন্য ৮ শতাংশে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।চলতি অর্থবছরের প্রথম চার মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৮৩৬ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ের চেয়ে তা ৩ শতাংশ বেশি। তবে এই রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৩৪ শতাংশ কম। আয়ের লক্ষ্য ঠিক করা হয়েছিল ৮৬৫ কোটি ৮০ লাখ ডলার।ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে নিট পোশাক, চামড়াজাত পণ্য, পাটের ব্যাগ, হস্তশিল্প, পাদুকা, কার্পেটসহ কয়েকটি পণ্যের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় প্রবৃদ্ধি কিছুটা বেড়েছে। অন্যদিকে কাঁচা পাট, চামড়া, হিমায়িত খাদ্য, হিমায়িত মাছ, টেরিটাওয়েল, রাসায়নিক পণ্য, প্লাস্টিক পণ্য, বাইসাইকেল প্রভৃতি পণ্যের রপ্তানি আয় লক্ষ্যমাত্রাও আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে। তবে ওভেন পোশাক, হোম টেক্সটাইল, আসবাবপত্র, রাবার, চা, শুকনো খাবার, প্রকৌশলসহ প্রভৃতি পণ্যের রপ্তানি আয় আগের বছরের চেয়ে বাড়লেও এবারের লক্ষ্যমাত্রার তুলনায় কমেছে।ইপিবি বলছে, শুধু অক্টোবরে রপ্তানি আয় হয়েছে ২০৭ কোটি ৭০ লাখ ডলার, যা ২০২ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৭২ শতাংশ এবং তার আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ বেশি। সেপ্টেম্বরে রপ্তানি থেকে আয় হয়েছিল ১৯০ কোটি ডলার। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৩৩ শতাংশ এবং আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৩১ দশমিক ৩৩ শতাংশ বেশি। ইপিবির তথ্যমতে, আলোচ্য সময়ে রপ্তানি আয়ের শীর্ষে রয়েছে নিট পোশাক খাত। দ্বিতীয় স্থানে রয়েছে ওভেন পোশাক খাত। নিটে ৩৪১ কোটি ২৯ লাখ ডলার আয় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ শতাংশ বেশি। ওভেনে ৩২১ কোটি ৮৩ লাখ ডলার রপ্তানি আয় হয়। অবশ্য লক্ষ্যমাত্রার চেয়ে তা ৪ দশমিক ৭৫ শতাংশ কম। আলোচ্য সময়ে নিট ও ওভেন খাতের এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ১ দশমিক ১১ ও ৯ দশমিক ৪৯ শতাংশ বেশি।জুলাই-অক্টোবর সময়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে ৩৩ কোটি ৪৭ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৩ কোটি ডলার আয় হয়েছে। এর মধ্যে কাঁচা পাট, পাটের সুতা এবং পাটের বস্তা ও ব্যাগ রপ্তানিতে যথাক্রমে সাত কোটি ৭১ লাখ, ১৬ কোটি ৪৩ লাখ ও সাত কোটি ৪৩ লাখ ডলার রপ্তানি আয় হয়।একই সময় ১৬ কোটি ৯০ লাখ ডলারের কৃষিজাত পণ্য, ১০ কোটি ৭২ লাখ ডলারের চামড়া, পাঁচ কোটি ডলারের চামড়াজাত পণ্য, ১৬ কোটি ডলারের চিংড়ি, ২৫ কোটি ৮৯ লাখ ডলারের হোমটেক্সটাইল, ১৪ কোটি ডলারের পাদুকা ও ১৫ কোটি ডলারের প্রকৌশল পণ্য রপ্তানি হয়েছে।চলতি ২০১২-১৩ অর্থবছরের জন্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে নিট ও ওভেন পোশাক খাতের লক্ষ্যমাত্রা যথাক্রমে এক হাজার ৬১ কোটি ও ১ হাজার ৯২ কোটি ডলারের। এ ছাড়া পাট ও পাটজাত পণ্যের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০৮ কোটি ডলার।