রপ্তানি আয় দ্রুত দেশে আনার তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
রপ্তানি-প্রক্রিয়ায় ১২০ দিনের সীমার মধ্যে আটকে থাকা বৈদেশিক মুদ্রা দ্রুত দেশে আনতে ব্যাংকগুলোকে তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রগুলো বলছে, সর্বশেষ ২২ সেপ্টেম্বর পর্যন্ত তাদের হিসাবে প্রায় সোয়া ২০০ কোটি ডলার এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে।বাংলাদেশ ব্যাংক মনে করছে, ১২০ দিনের মধ্যে রপ্তানির অর্থ দেশে প্রত্যাবাসনের যে আইনি সীমা রয়েছে, এর আগেভাগেই এই অর্থ আনা গেলে বেশি উপকার হবে। তাতে ব্যাংকগুলোও এই অর্থ বারবার ব্যবহার করে ব্যবসায় অধিক গতি তৈরি করতে পারবে। একই সঙ্গে ব্যাংকের বেশি লাভ হওয়ারও সুযোগ রয়েছে।দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক গতকাল বুধবার এই পরামর্শ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী বৈঠকে সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট দুই বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক লিখিত পরামর্শ (ডিরেক্টিভস) দিতে চায় না। বাংলাদেশ ব্যাংক চায়, ব্যাংকগুলো তাদের নিজেদের তাগিদেই রপ্তানির অর্থ দ্রুত দেশে আনতে তৎপর হোক। তাতে তাদেরই লাভ। কেননা, যত তাড়াতাড়ি রপ্তানির বৈদেশিক আয় দেশে আসবে, এর বিপরীতে আবার নতুন করে আমদানি অর্থায়ন করা যাবে। আর এর মধ্য দিয়ে বাজারে যে ডলার-সংকটের কথা বলা হচ্ছে, তা-ও কেটে যাবে। ব্যাংকগুলোও ঘূর্ণায়মানভাবে অর্থ ব্যবহারে বেশি লাভ করতে পারবে বলে কেন্দ্রীয় ব্যাংক স্মরণ করিয়ে দিয়েছে।একইভাবে ব্যাংকগুলোকে বলা হয়, বিদেশের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার হিসাবে (নস্ট্রো অ্যাকাউন্ট) যে অর্থ পড়ে আছে, তা-ও প্রয়োজন না হলে ফেলে রাখার দরকার নেই। কেননা, বিশ্বের বিভিন্ন দেশে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে একধরনের অস্থিরতা চলছে। কোনো কারণে নস্ট্রো হিসাব রাখা ব্যাংকটির কোনো আর্থিক ক্ষতি হলে বাংলাদেশের ব্যাংকগুলোকেও ক্ষতিগ্রস্ত হতে হবে। আবার ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক এ-ও বলেছে যে, তবে খেয়াল রাখতে হবে, অর্থ না থাকায় কোনোভাবেই যেন গ্রাহকের দাবি পরিশোধে বিলম্ব না হয়। প্রয়োজন অনুসারে অর্থের জোগান রাখতে হবে, তা না হলে মেয়াদোত্তীর্ণ (ওডি) হয়ে যাবে।সূত্রগুলো বলছে, দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের কিছুটা সংকট রয়েছে। এতে বিনিময় হারের ওপর প্রভাব পড়ছে। বাংলাদেশি মুদ্রা টাকার বেশ খানিক মূল্যপতন হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেশ খানিকটা কমে গেছে। আগাম ব্যবস্থা হিসাবে তাই ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের ডেকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।