দেশের মোট পণ্য রপ্তানি আয় দুই হাজার ৪৬৫ কোটি ডলার। এর মধ্যে শুধু তৈরি পোশাক রপ্তানি থেকেই এসেছে এক হাজার ৯৯৬ কোটি ডলার, রপ্তানি প্রবৃদ্ধি সাড়ে ১৫ শতাংশ। ফলে পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিকসহ অনেক পণ্য রপ্তানিতে সুখবর না থাকলেও সামগ্রিক রপ্তানি আয়ে এখনো সন্তোষজনক অবস্থা বজায় আছে।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ১০ মাস অর্থাৎ জুলাই-এপ্রিল সময়ে দেশের পণ্য রপ্তানি আয়ের চিত্র এটি। এ সময় রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১৮ শতাংশ। এ ছাড়া মোট আয় দুই হাজার ৪৬৫ কোটি ডলার লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৪০ শতাংশ বেশি। তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত, হিমায়িত খাদ্য, হোম টেক্সটাইল পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় থাকাতে এটি সম্ভব হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল বৃহস্পতিবার প্রকাশিত রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়। শুধু এপ্রিলে ২৪১ কোটি ডলারে পণ্য রপ্তানি হয়েছে। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩ শতাংশ কম এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৬ শতাংশ বেশি। ফেব্রুয়ারি ও মার্চে রপ্তানি আয় ছিল যথাক্রমে ২৩৮ ও ২৪১ কোটি ডলার। মোট রপ্তানি আয়ের মধ্যে ৮০ দশমিক ৯৭ শতাংশ তৈরি পোশাক (নিট এবং ওভেন) খাত থেকে এসেছে। পরিমাণ এক হাজার ৮০৫ কোটি ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে পৌনে তিন শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৫ শতাংশ বেশি।
পোশাক খাতের মোট রপ্তানির মধ্যে ওভেনে সর্বোচ্চ এক হাজার ১৬ কোটি ও নিটে ৯৮০ কোটি ডলার আয় হয়। ওভেনের এই আয় আলোচ্য সময়ের লক্ষমাত্রার চেয়ে ৫ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৭ শতাংশ বেশি। নিটে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৪ শতাংশ বেশি।
ইপিবির পরিসংখ্যান থেকে দেখা যায়, আলোচ্য সময়ে হিমায়িত খাদ্যে ৫৩ কোটি, চামড়ায় ৪২ কোটি ও চামড়াজাত পণ্যে ১৯ কোটি ডলার আয় হয়েছে। তিনটি পণ্যের ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে পাট ও পাটজাত পণ্যে বারবরের মতোই নেতিবাচক ধারাতেই আছে। আলোচ্য সময়ে খাতটি থেকে ৬৭ কোটি ডলার রপ্তানি হলেও তা লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ২৭ ও গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ কম।