রপ্তানি আয় বেড়েছে ১৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রপ্তানি আয় (জুলাই-মার্চ) কোটি ডলার
রপ্তানি আয় (জুলাই-মার্চ) কোটি ডলার

পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক ও হোম টেক্সটাইল রপ্তানিতে সুখবর না থাকলেও সামগ্রিক রপ্তানি আয়ের চিত্র এখনো সন্তোষজনক। প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮৮ শতাংশ। তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত এবং হিমায়িত খাদ্যপণ্য রপ্তানি ইতিবাচক ধারায় থাকাতেই এটি সম্ভব হয়েছে।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) রপ্তানি আয়ের এ চিত্র পাওয়া গেছে। এই সময়কালে দেশের মোট পণ্য রপ্তানি আয় হয়েছে দুই হাজার ২২৪ কোটি ২৬ লাখ ডলার। অবশ্য এই আয় আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে মাত্র শূন্য দশমিক ৮০ শতাংশ বেশি হলেও গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল বৃহস্পতিবার প্রকাশিত রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়। শুধু মার্চে ২৪১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ শতাংশ কম এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৭৯ শতাংশ বেশি। ফেব্রুয়ারিতে ছিল ২৩৮ কোটি ডলার।
মোট রপ্তানি আয়ের মধ্যে ৮১ শতাংশ তৈরি পোশাক (নিট এবং ওভেন) খাত থেকে এসেছে। পরিমাণ এক হাজার ৮০৫ কোটি ডলার। পোশাকশিল্পের এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৪১ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৫ শতাংশ বেশি। অবশ্য আট মাস শেষে এই প্রবৃদ্ধি ছিল পৌনে ১৭ শতাংশ।
পোশাক খাতের মোট রপ্তানি আয়ের মধ্যে ওভেন পোশাক থেকে সর্বোচ্চ ৯২২ কোটি ও নিট পোশাক খাত থেকে ৮৮৩ কোটি ডলার এসেছে। ওভেনের এই আয় আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৪৪ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৪০ শতাংশ বেশি। অন্যদিকে নিটে লক্ষ্যমাত্রার চেয়ে মাত্র ১ দশমিক ৩৯ শতাংশ ও গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৪ শতাংশ বেশি।
ইপিবির পরিসংখ্যান থেকে দেখা যায়, আলোচ্য সময়ে হিমায়িত খাদ্যে ৪৯ কোটি, চামড়ায় ৩৮ কোটি ও চামড়াজাত পণ্যে ১৬ কোটি ডলার আয় হয়েছে। তিনটি পণ্যের ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে পাট ও পাটজাত পণ্যে বরাবরের মতোই নেতিবাচক ধারাতেই আছে। আলোচ্য সময়ে খাতটি থেকে ৬১ কোটি ডলার রপ্তানি হয়েছে।