রপ্তানি আয় সন্তোষজনক তবে বিপদের শঙ্কা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পণ্য রপ্তানিতে এখন পর্যন্ত সন্তোষজনক আয় অব্যাহত আছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধি উভয়ই অর্জিত হয়েছে। তবে শঙ্কা বাড়ছে, ভবিষ্যতে রপ্তানিতে বিপর্যয় নামতে পারে। নতুন বছর শুরু হয়েছে এমন আশঙ্কা নিয়ে, যার পেছনে মূল কারণ হচ্ছে রাজনৈতিক সহিংসতা।
দেশের মোট রপ্তানি আয়ের চার ভাগের তিন ভাগই আসে পোশাক খাত থেকে। শিল্প খাতটির ব্যবসায়ীরা বলছেন, রানা প্লাজা ধসের পর পোশাক খাত আবার একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করে। তবে টানা রাজনৈতিক অস্থিরতা, হরতাল-অবরোধে সংকটে পরে শিল্পটি।
অনিশ্চয়তার কারণে ইতিমধ্যেই মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন বিদেশি ক্রেতারা। ফলে পোশাকের ক্রয়াদেশ কমছে। অন্তত ২০ শতাংশ ক্রয়াদেশ প্রতিযোগী দেশগুলোতে চলে গেছে। তবে পুরো চিত্র এখনই বোঝা যাবে না। কাগজে-কলমে পরিসংখ্যান পাওয়া যাবে ফেব্রুয়ারি-মার্চের দিকে। তখন দেখা যাবে পণ্য রপ্তানির আয় আসলে কত কমল।
বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোর কাছে আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘দুই-তিন মাস পর থেকেই আমরা রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে যেতে শুরু করব। আর এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে কমপক্ষে এক বছর আমাদের সংগ্রাম করতে হবে।’ তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করা না গেলে রপ্তানি আয়ের ধস ঠেকানো যাবে না।
সরকার চলতি ২০১৩-১৪ অর্থবছরে তিন হাজার ৫০ কোটি মার্কিন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে শুধু পোশাক খাতের (নিট ও ওভেন পোশাক) দুুই হাজার ৪১৪ কোটি ডলার। ফলে এই খাতের ওপরই দেশের রপ্তানির মূল ভিত্তি, তা সহজেই অনুমেয়।
অর্থবছরের প্রথম পাঁচ মাসে অর্থাৎ জুলাই-নভেম্বরে রপ্তানি আয় হয় এক হাজার ১৯৫ কোটি ৯৬ লাখ ডলার। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি হয় ৯৬৫ কোটি ডলারের।
এই হিসাব গত বছরের শেষার্ধের। তার আগে ২০১২-১৩ অর্থবছরে পণ্য রপ্তানিতে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়। রপ্তানি আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৭০১ কোটি ডলার। আর এই আয়ের অর্ধেকটা ২০১৩ সালের প্রথমার্ধের। যদিও জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোনো মাসেই মাসওয়ারি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে জুলাই মাসে এসে এই ধারার পরিবর্তন হয়।
গেল বছরের এই উত্থান-পতনের মধ্যেও নতুন ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি পর্যায়ক্রমে বাড়ে। যেমন তুরস্কে ২০১১-১২ অর্থবছরে ৫৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করে। পরের অর্থবছরে তা বেড়ে ৬৩ কোটি ৭৮ লাখ ডলারে দাঁড়ায়। আবার ব্রাজিলে গত পাঁচ বছরের ব্যবধানে রপ্তানি আড়াই গুণ বেড়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে এসব দেশে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা ছাড়া গত জুনে আমেরিকা জিএসপি স্থগিত করার সিদ্ধান্তে বড় ধাক্কা হিসেবে আসে।
অবশ্য এ বিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসুর অভিমত, রপ্তানি পণ্যের মাত্র ২১ শতাংশ যায় আমেরিকায়। এর মধ্যে আবার ৮৭ শতাংশই তৈরি পোশাক, যা জিএসপি সুবিধা পায় না। ফলে এ জন্য দেশের রপ্তানি খাত খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না।
ব্যবসায়ীরা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিযোগী দেশগুলো সুযোগ নেবে। ইউরোপের বাজারে ১ জানুয়ারি থেকে পাকিস্তান জিএসপি-সুবিধা পাবে। নিজেদের ৩০ শতাংশ পণ্যে পাকিস্তান জিএসপি-সুবিধা পাবে। এ ছাড়া ভারত একই সুবিধা পেয়ে যেতে পারে। অন্যদিকে বাংলাদেশের জিএসপি-সুবিধা পুনর্বিবেচনা হবে চলতি বছরের মাঝামাঝি সময়ে। ফলে সামনে কঠিন সময়ই অপেক্ষা করছে।
আর জিএসপি পুনর্বিবেচনায় মানবাধিকার, শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কর্মপরিবেশ এবং রাজনৈতিক পরিস্থিতি—এই চারটি বিষয় বিবেচনা করা হবে বলে জানালেন বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম। তিনি বলেন, ‘আমাদের সক্ষমতা কমছে। পরিস্থিতি ভালো হলে শুধু পোশাকশিল্পেই অন্তত ৩০০ কোটি ডলার বেশি রপ্তানি আয় হতো।’
ফলে শেষ পর্যন্ত রানা প্লাজা কিংবা জিএসপি স্থগিতের চেয়ে রাজনৈতিক অস্থিরতাই বড় হয়ে উঠছে। কারণ শ্রমিকদের কর্মপরিবেশ ও কারখানার মানোন্নয়নে কাজ শুরু হয়েছে। বিদেশি ক্রেতাদের দুই জোট এবং সরকার ও আইএলওর তত্ত্বাবধানে সেটি চলছে। তবে রাজনীতির মাঠ শান্ত করতে কোনো স্পষ্ট সমাধান দেখা যাচ্ছে না। আর সেটিই অন্য অনেক বিষয়ের মতো রপ্তানির জন্যও কাল হতে পারে। এবং সেই শঙ্কাই বাড়ছে।