রপ্তানি আয় ৮.৯২ শতাংশ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের পণ্য রপ্তানি আয় হয়েছে ২ হাজার ২১২ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। এই আয় গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে অর্জিত ২ হাজার ৩১ কোটি ১৭ লাখ ডলারের চেয়ে ৮ দশমিক ৯২ শতাংশ বেশি।

আজ রোববার সকালে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) দেশের পণ্য রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।

পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম আট মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ১৬১ কোটি ৫০ লাখ ডলার। আয় হয়েছে ২ হাজার ২১২ কোটি ৩৭ লাখ ডলার। তার মানে, লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৩৫ শতাংশ বেশি আয় হয়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, মোট পণ্য রপ্তানির ৮১ দশমিক ৯৩ শতাংশ আয় হয়েছে তৈরিপোশাক খাত থেকে। অর্থের হিসাবে তা ১ হাজার ৮১২ কোটি ৭৬ লাখ ডলার। এর মধ্যে নিট পোশাক থেকে এসেছে ৮৬৪ কোটি এবং ওভেন পোশাক থেকে এসেছে ৯৪৮ কোটি ডলার। আর পোশাক খাতের এই মোট আয় গত অর্থবছরের একই সময়ে অর্জিত ১ হাজার ৬৫৫ কোটি ডলারের চেয়ে ৯ দশমিক ৪৭ শতাংশ বেশি।

এদিকে শুধু ফেব্রুয়ারি মাসে ২৮৫ কোটি ডলারের পণ্য রপ্তানি আয় হয়েছে। এই আয় গত বছরের ফেব্রুয়ারিতে অর্জিত ২৫১ কোটি ডলারের চেয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি।