এমসিসিআইয়ের সঙ্গে মতবিনিময় বৈঠকে অর্থমন্ত্রী
রপ্তানি আয়ে প্রধান হয়েও পোশাক খাত থেকে শীর্ষ করদাতা নেই
তৈরি পোশাক খাত রপ্তানি আয়ের দিক থেকে দেশের সবচেয়ে বড় খাত হলেও এ খাতের উদ্যোক্তাদের মধ্যে কোনো শীর্ষ করদাতা নেই। এমনকি এ খাতের উদ্যোক্তাদের কোনো ধরনের শুল্ক ও ভ্যাট দিতে হয় না। এসব বক্তব্য রেখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘তৈরি পোশাক খাতে নতুন করে আর কোনো প্রণোদনা প্যাকেজ দেওয়া হবে না।’ তবে এ খাতের বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করা হবে।গতকাল বুধবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশের এক হাজারের কম করদাতা মোট আয়করের ৩৮ শতাংশ দিয়ে থাকেন। আর অনেকেই মনে করেন যে একবার কর দেওয়া শুরু করলে তাঁদের সমস্যা বাড়বে। এটা ঠিক নয়।রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে এমসিসিআই সভাপতি এম আনিস উদ দৌলার সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন এমসিসিআইয়ের সাবেক সভাপতি লতিফুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী, বিজিএমইএর সহসভাপতি শফিউল ইসলাম, এমসিসিআইয়ের পরিচালক নিহাদ কবির, বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, সাবেক সচিব মতিউল ইসলাম, আনিস এ খান প্রমুখ।অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মধ্যে কয়লানীতি চূড়ান্ত করা হবে। দেশের বিদ্যুতের সংকট কাটাতে ঢাকা ও চট্টগ্রামে দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে বিদ্যুতের সংকট কমবে।অর্থমন্ত্রী স্থানীয়ভাবে তৈরি পেইন্ট সামগ্রীর ওপর আরোপিত সম্পূরক শুল্ক বসানোর বিষয়টি পর্যালোচনা করবেন বলেও আশ্বাস দেন।সরকারি প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে আনা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, কিছু জটিলতা থাকায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া যায়নি। তবে ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার পক্ষে শিল্প মন্ত্রণালয়ও মতামত দিয়েছে। আশা করি, আগামী কয়েক মাসের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়া সম্ভব হবে। তা ছাড়া সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার বিষয়ে ডিএসই ও সিএসইর সঙ্গে বৈঠক করা হবে।অর্থমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ সহজে দেশে আনার জন্য ডিএসইকে লিখিত প্রস্তাব দেওয়ার পরামর্শ দেন। এ ছাড়া শেয়ার দানের ওপর কর আরোপের বিষয়টি পর্যালোচনা করে দেখবেন বলে জানান। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ভারতের দেওয়া ঋণের সুদের হার কোনো অবস্থাতেই বেশি নয়। স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নয়নশীল দেশের দেওয়া যেকোনো ঋণের চেয়ে সুদের হার কম।এর আগে স্বাগত বক্তব্যে এমসিসিআই সভাপতি আনিস উদ দৌলা বলেন, তাঁরা উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের এবং একই সঙ্গে খনি এলাকার মানুষজনের টেকসই পুনর্বাসনের পক্ষে।তিনি আরও বলেন, সরকার এবার বাজেটে যে ব্যাংক ব্যবস্থা ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ৮১ শতাংশ বাড়িয়েছে, তা উদ্বেগজনক। আলোচনায় অংশ নিয়ে এমসিসিআইয়ের সাবেক সভাপতি লতিফুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ব্যতীত বাংলাদেশ থেকে বিদেশে বিনিয়োগের কোনো সুযোগ নেই। তবে ভারতে বিনিয়োগের ক্ষেত্রে দেশীয় বিনিয়োগকারীদের সুযোগ দেওয়া প্রয়োজন। শ্রীলঙ্কার মতো ছোট দেশও ভারতে প্রচুর বিনিয়োগ করেছে বলে তিনি উল্লেখ করেন। রূপালী চৌধুরী বলেন, স্থানীয়ভাবে তৈরি পেইন্ট সামগ্রীর চলতি অর্থবছরের জাতীয় বাজেটের ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক বসানোয় এ খাতে বিরূপ প্রভাব দেখা দিয়েছে। স্থানীয় শিল্পের স্বার্থে তিনি সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানান।শাকিল রিজভী বলেন, বিগত কয়েক বছরে দেশের পুঁজিবাজার ব্যাপক বিস্তৃত হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা (এনআরবি) পুঁজিবাজারে প্রচুর পরিমাণ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে। কিন্তু তাদের বিনিয়োগপ্রক্রিয়া জটিল হওয়ায় অনেকে আসতে চান না। এই প্রক্রিয়া সহজ করার প্রস্তাব করেন তিনি। মতিউল ইসলাম বলেন, চলতি অর্থবছরের বাজেটে শেয়ার দান করলেও তার ওপর মূলধনি মুনাফা হিসেবে বিবেচনা করে আয়কর বসানো হয়েছে। তিনি এ ধরনের আয়কর প্রত্যাহারের প্রস্তাব করেন।