রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি পর্যায়ক্রমে বাড়ছে। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম ছয় মাসে প্রবৃদ্ধি ছিল ৭ শতাংশ। সাত মাস শেষে এটি বেড়ে হয়েছে আট দশমিক ৮৩ শতাংশ। তবে প্রবৃদ্ধি বাড়লেও লক্ষ্যমাত্রা কোনোভাবেই অর্জিত হচ্ছে না। টানা ছয় মাস ধরে এমনটাই লক্ষ করা যাচ্ছে। সর্বশেষ লক্ষ্যমাত্রা অর্জিত হয় গত জুলাই মাসে। চলতি অর্থবছরের প্রথম সাত মাস, অর্থাৎ জুলাই-জানুয়ারি সময়কালে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে এক হাজার ৫১৫ কোটি মার্কিন ডলার। এ সময় রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৫৪৪ কোটি ডলার। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে অর্জন ১ দশমিক ৯০ শতাংশ কম হয়েছে। তবে এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে এক হাজার ৩৯২ কোটি ডলার বা ৮ দশমিক ৮৩ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী আলোচ্য সময়ে নিট ও ওভেন পোশাক, কৃষিজাত পণ্য, হস্তশিল্প, পাদুকা, কার্পেটসহ কয়েকটি পণ্যের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় প্রবৃদ্ধি বেড়েছে। তবে পাট ও পাটজাত পণ্য, টেরিটাওয়েল, হোম টেক্সটাইল, বাইসাইকেল, হিমায়িত খাদ্যসহ বেশ কয়েকটি প্রধান পণ্যের রপ্তানি-আয় কম হওয়ায় সামগ্রিকভাবে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। গত জুলাইতে সর্বশেষ লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৮৩ শতাংশ বেশি আয় হয়। আর পরের ছয় মাস, অর্থাৎ আগস্ট মাসে ৭ দশমিক ৭৬, সেপ্টেম্বরে ৫ দশমিক ১৯, অক্টোবরে ৩ দশমিক ৩৪, নভেম্বরে ৪ দশমিক ৮৪, ডিসেম্বরে ৩ দশমিক ৪২ এবং জানুয়ারিতে লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৯০ শতাংশ কম রপ্তানি-আয় হয়। তবে বছরের শুরুতে, অর্থাৎ জানুয়ারিতে রপ্তানি-আয় লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে হয় ২৫৫ কোটি ডলার। জানুয়ারিতে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ২৪০ কোটি ডলার, অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ৩৪ শতাংশ বেশি অর্জিত হয়। এই আয় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৮ দশমিক ৮১ শতাংশ বেশি। গত ডিসেম্বরে রপ্তানি-আয় ছিল ২৪৬ কোটি ডলার। ইপিবির তথ্যমতে, জানুয়ারি মাসে সর্বোচ্চ ৬১১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয় ওভেন পোশাক খাতে,যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৪৯ শতাংশ বেশি। দ্বিতীয় সর্বাধিক ৫৯২ কোটি ডলার আয় নিট পোশাক খাতে,যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ১৪ শতাংশ বেশি।একই সময়ে ৫৯ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য, ২৯ কোটি ডলারের কৃষিজাত পণ্য, ১৯ কোটি ডলারের চামড়া, আট কোটি ডলারের চামড়াজাত পণ্য, ২৭ কোটি ৪৮ লাখ ডলারের চিংড়ি, ৪৪ কোটি ডলারের হোম টেক্সটাইল ও ৫৪ কোটি ৩৯ লাখ ডলারের পাদুকা পণ্য রপ্তানি হয়েছে।