রপ্তানি আয়ে বড় উল্লম্ফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম চার মাসে পণ্য রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। শুধু অক্টোবর মাসেই পণ্য রপ্তানি গত বছরের একই মাসের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেড়েছে। ২০১০ সালের অক্টোবরে রপ্তানি আয় হয়েছে ১৬৮ কোটি ৮১ লাখ ডলার, যা গত বছর অক্টোবরে ছিল ১০২ কোটি ৪০ লাখ ডলার।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়কালে পণ্য রপ্তানিতে মোট আয় হয়েছে ৬৭২ কোটি ১৪ লাখ ডলার। আর গত ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ৪৮৯ কোটি ৩৫ লাখ ডলার। ফলে বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৩৫ শতাংশ।এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানির কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল ৫৭৭ কোটি ৯৪ লাখ ডলার। তার মানে লক্ষ্যমাত্রার চেয়ে প্রকৃত রপ্তানি প্রায় সাড়ে ১৬ শতাংশ বেশি হয়েছে।রপ্তানি আয়ের এই চিত্র বোঝায় যে, বিশ্বমন্দার প্রভাব কার্যত কেটে গেছে। বিশ্ববাজারে বাড়ছে চাহিদা। বাংলাদেশের বিভিন্ন পণ্যও আগের তুলনায় অধিকহারে জায়গা করে নিচ্ছে।উল্লেখ্য, ২০০৯-১০ অর্থবছরের জুলাই-অক্টোবর দেশের পণ্য রপ্তানি আয় তার আগের অর্থাৎ ২০০৮-০৯ অর্থবছরের একই সময়ের তুলনায় পৌনে সাত শতাংশ কমে গিয়েছিল। আর লক্ষ্যমাত্রার বিপরীতে প্রকৃত রপ্তানি আয় কমেছিল সাড়ে ১২ শতাংশ।ইপিবির পরিসংখ্যান থেকে দেখা যায়, আলোচ্য সময়কালে প্রধান রপ্তানিমুখী পণ্য নিট পোশাক ও ওভেন পোশাকের প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৩৮ ও সাড়ে ৩৯ শতাংশ। এই সময়কালে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ২৮৮ কোটি ৮০ লাখ ডলার, যেখানে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ২৩৫ কোটি ডলার।পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে চলতি অর্থবছরে চার মাসে দেশে এসেছে ৩২ কোটি ৯০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৯ শতাংশ বেশি। অন্যদিকে হোম টেক্সটাইল রপ্তানিতে আয় হয়েছে ১৭ কোটি ৬৩ লাখ ডলার, যা গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় ৬৭ শতাংশ বেশি।ইপিবির পরিসংখ্যান অনুযায়ী হিমায়িত খাদ্য রপ্তানিতে আয় হয়েছে ২০ কোটি ৮৪ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৩৭ শতাংশ বেশি। আর চামড়া রপ্তানি থেকে এই চার মাসে আয় হয়েছে আট কোটি ৬২ লাখ ডলার, যা গত বছরের প্রথম চার মাসের চেয়ে ৪২ শতাংশ বেশি।এ ছাড়া পাদুকা রপ্তানি করে চার মাসে বাংলাদেশ আয় করেছে নয় কোটি ৮২ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫১ দশমিক ৩৩ শতাংশ বেশি।