রপ্তানি আয়ে মন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কার্যালয়ে গতকাল সোমবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলন রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হয়। এতে উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য।

গত অর্থবছরে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৭০০ কোটি ডলার। সেই হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় ৫ দশমিক ৮৫ শতাংশ কম হয়েছে।

রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি তৈরি পোশাক খাত থেকে এসেছে। এই পোশাক রপ্তানিতে গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে। এ ছাড়া হিমায়িত মাছ, কৃষিজাত পণ্য, চামড়া, কাঁচা পাট, টেরিটাওয়েল রপ্তানি আয় কমে যাওয়ায় সামগ্রিক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

বিজয় ভট্টাচার্য্য বলেন, ‘গত অর্থবছর বিশ্বের অনেক জায়গায় বেশ কিছু পরিবর্তন হয়েছে। সে জন্য রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। ভবিষ্যতে এই ব্যাপারে আমরা আরও কৌশলী হব।’

রপ্তানির পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের আরেক প্রধান উৎস প্রবাসী আয়ও কমেছে। গত অর্থবছর প্রবাসীরা পাঠিয়েছেন ১ হাজার ২৭৬ কোটি ডলার। এটি আগের অর্থবছরের চেয়ে সাড়ে ১৪ শতাংশ কম।

জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, পোশাকের মূল্য ও চাহিদা কমে যাওয়ার পাশাপাশি অন্যদের চেয়ে প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস ও ব্যবসার খরচ বেড়ে যাওয়ায় আমাদের পোশাক রপ্তানি কমে গেছে। সে জন্য উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে।’ তিনি মনে করেন, রপ্তানি ও প্রবাসী আয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৪০০ কোটি ডলার কমেছে। এ জন্য চলতি হিসাবে নেতিবাচক প্রভাব পড়বে। যদিও বর্তমানে রিজার্ভ ভালো থাকায় আমদানিতে কোনো সমস্যা হবে না।

গত অর্থবছর পোশাক রপ্তানিতে ২ হাজার ৮১৪ কোটি ডলার আয় হয়েছে। এই আয় তার আগের অর্থবছরের চেয়ে মাত্র শূন্য দশমিক ২০ শতাংশ বেশি। এই খাত এর চেয়ে বাজে অবস্থায় পড়েছিল ২০০১-০২ অর্থবছরে। গেল অর্থবছর দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় ১২৩ কোটি ডলার চামড়া ও চামড়াজাত পণ্য থেকে এসেছে। এই আয় আগের বারের ১১৬ কোটি ডলারের চেয়ে ৬ দশমিক ২৯ শতাংশ বেশি। আর বিদায়ী অর্থবছর পাট ও পাটজাত পণ্য থেকে তৃতীয় সর্বোচ্চ ৯৬ কোটি ডলারের রপ্তানি আয় এসেছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৪ দশমিক ৬৬ শতাংশ।

ব্রেক্সিট, যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব, ডলারের বিপরীতে টাকা শক্তিশালী—এই তিন কারণে পোশাক রপ্তানি কমে গেছে বলে মনে করেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, মূল্যস্ফীতির জন্য ডলারের বিপরীতে টাকাকে অবমূল্যায়িত না করলে সরকারকে অন্য প্রণোদনা দেওয়া প্রয়োজন। রপ্তানি বাড়াতে নৌ ও বিমানবন্দরের সক্ষমতাও বাড়ানো দরকার বলে মন্তব্য করেন তিনি।