
চামড়াশিল্প দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস হতে পারে বলে মনে করেন শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, রপ্তানি আয়ে বর্তমানে চামড়া তৃতীয় অবস্থানে আছে। তাই শিল্পটির বিকাশে সরকার বিশেষ নজর রেখেছে। সে অনুযায়ী ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারিশিল্প সরিয়ে সাভারের হেমায়েতপুরে একটি যথাযথ পরিবেশে নতুন চামড়া শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চামড়াশিল্পের বড় প্রদর্শনী লেদারটেকের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পসচিব এসব কথা বলেন। তৃতীয়বারের মতো বাংলাদেশে এই প্রদর্শনীর আয়োজন করছে আসক ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড।
প্রদর্শনীতে বাংলাদেশ, চীন, তুরস্ক, মিসর, শ্রীলঙ্কা, ইতালি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, হংকংসহ ১৩ দেশের ১৪০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো চামড়াজাত পণ্য, পাদুকাশিল্পের যন্ত্রপাতি, রাসায়নিক পণ্য ও সরঞ্জাম প্রদর্শন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের কাউন্সিল ফর লেদার এক্সপোর্টার্সের চেয়ারম্যান এম রফিক আহমেদ বলেন, আন্তর্জাতিক চামড়া বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে ভারত ও বাংলাদেশের যৌথভাবে কাজ করার সুযোগ আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহিন আহমেদ প্রমুখ।
শনিবার প্রদর্শনীর শেষ দিন। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টি পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এতে কোনো প্রবেশমূল্য নেই। বিজ্ঞপ্তি।