রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পণ্য রপ্তানি আয়ের প্রবৃদ্ধি পর্যায়ক্রমে বাড়ছে। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম ছয় মাসে প্রবৃদ্ধি ছিল ৭ শতাংশ। সাত মাস শেষে তা বেড়ে হয় ৮ দশমিক ৮৩ শতাংশ। আর আট মাস শেষে প্রবৃদ্ধি বেড়ে ৯ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে প্রবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হলেও সমসাময়িক লক্ষ্যমাত্রা কোনোভাবেই অর্জিত হচ্ছে না। গত সাত মাস ধরে এমনটাই লক্ষ করা যাচ্ছে। সর্বশেষ গত জুলাই মাসে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল। চলতি অর্থবছরের প্রথম আট মাস অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারি সময়কালে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে এক হাজার ৭৪০ কোটি মার্কিন ডলার। এটি এই সময়কালের এক হাজার ৭৭৩ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৮৬ শতাংশ কম। অন্যদিকে এই আয় গত অর্থবছরের একই সময়ের এক হাজার ৫৯০ কোটি ডলারের চেয়ে ৯ দশমিক ৩৮ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। এতে দেখা যায়, আলোচ্য সময়ে নিট ও ওভেন পোশাক, কৃষিজাত পণ্য, হস্তশিল্প, পাদুকা, কার্পেটসহ কয়েকটি পণ্যের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় প্রবৃদ্ধির হার বেড়েছে। অন্যদিকে পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, চামড়া, প্লাস্টিক পণ্য, টেরিটাওয়েল, হোমটেক্সটাইল, বাইসাইকেল, প্রকৌশল পণ্য, আসবাবপত্রসহ বেশ কয়েকটি প্রধান পণ্যের রপ্তানি আয় কম হওয়ায় সামগ্রিকভাবে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ইপিবির তথ্যমতে, আলোচ্য সময়ে রপ্তানি আয়ের শীর্ষে রয়েছে ওভেন পোশাক খাত। দ্বিতীয় স্থানে রয়েছে নিট পোশাক খাত। ওভেনে ৭০৯ কোটি ডলার রপ্তানি আয় হয়, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৫৯ শতাংশ বেশি। আর নিটে ৬৭৩ কোটি ডলার আয় হয়েছে, যা লক্ষ্যমাত্রা চেয়ে মাত্র শূন্য দশমিক ২০ শতাংশ বেশি।