রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে গতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাস ধরে দেশের পণ্য রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ৩ থেকে সাড়ে ৪ শতাংশের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এই নিম্ন প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন এখন হুমকির মুখে। কারণ, লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অর্থবছরের শেষ দুই মাসের প্রতি মাসে গড়ে ৪১৪ কোটি ডলার রপ্তানি আয় দরকার। তবে রপ্তানি আয় এখন পর্যন্ত কোনো মাসেই ৩৫০ কোটি ডলার অতিক্রম করেনি।
চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) ২ হাজার ৮৭২ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৯২ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম ১০ মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৭৬৩ কোটি ডলার। এ ছাড়া গত এপ্রিল মাসে ২৭৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এটি গত বছরের এপ্রিলের চেয়ে সাড়ে ৩ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, পোশাক রপ্তানি প্রবৃদ্ধি শ্লথ হয়ে যাওয়ায় সামগ্রিক রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ, দীর্ঘদিন ধরে রপ্তানি আয়ের সিংহভাগ পোশাক খাত থেকেই আসছে। অর্থবছরের প্রথম ১০ মাসে ২ হাজার ৩১৩ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ২১ শতাংশ বেশি।
রপ্তানি আয় কমার কারণ জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ রিসার্চ ফেলো নাজনীন আহমেদ প্রথম আলোকে বলেন, রানা প্লাজা ধসের পর পোশাকশিল্পে সংস্কারকাজ চলছে। কারখানা বন্ধের পাশাপাশি অন্যত্র স্থানান্তরিত হচ্ছে। তা ছাড়া প্রযুক্তিগত পরিবর্তন আনছে কারখানাগুলো। সব মিলিয়ে উৎপাদন সক্ষমতায় কিছুটা ব্যাঘাত ঘটেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থনীতি বর্তমানে কিছুটা শ্লথ। আবার ইইউ ও যুক্তরাষ্ট্র পোশাকের দাম কিছুটা কমিয়েছে।
নাজনীন আহমেদ আরও বলেন, ‘ক্রেতারা দাম কমালে উৎপাদক পর্যায়ে কিছু করার সুযোগ কম। তবে পোশাক উৎপাদনের খরচ কমানোর জন্য উদ্যোগ নেওয়া দরকার। তাহলে আমাদের উদ্যোক্তাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। সে জন্য বন্দরের সক্ষমতা ও যোগাযোগব্যবস্থার উন্নতি করতে হবে।’
জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, পোশাক রপ্তানি চাঙা করার জন্য ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন দরকার। গত এক মাসে তিন টাকার মতো সমন্বয় হয়েছে। এটি যদি স্থায়ী হয়, তবে পরিস্থিতির উন্নতি হবে।
এদিকে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে প্রায় ১০২ কোটি ডলারের রপ্তানি আয় হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৭১ শতাংশ বেশি।
চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি ডলার। গত অর্থবছরে ৩ হাজার ৪২৫ কোটি ডলারের রপ্তানি আয় হয়েছিল।