রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৩,৩২০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩২০ কোটি মার্কিন ডলার। আর প্রবৃদ্ধি ধরা হয়েছে ১০ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সভাকক্ষে আজ সোমবার বিকেলে এই ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

গত ২০১৩-১৪ অর্থবছরে রপ্তানি আয় হয়েছে ৩ হাজার ১৭৬ কোটি মার্কিন ডলার।

চলতি অর্থবছরে ওভেন পোশাক খাতে ১ হাজার ৩৬৮ কোটি ১৭ লাখ ডলার এবং নিট পোশাক খাতে ১ হাজার ৩২১ কোটি ৫৬ লাখ ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এই দুই খাতে প্রবৃদ্ধি ধরা হয়েছে যথাক্রমে ৯ দশমিক ৯৬ ও ৯ দশমিক ৬৭ শতাংশ।

এ ছাড়া পাট ও পাটজাত পণ্যে ৮৩ কোটি ৫৩ লাখ, কৃষিজাত পণ্যে ৬৭ কোটি ৬১ লাখ, চামড়ায় ৬২ কোটি ৫০ লাখ ও প্লাস্টিক খাতে ৯ কোটি ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইপিবির সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে গত অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। অন্যথায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া সম্ভব হতো।’ তবে চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তিনি আশা প্রকাশ করেন।