রপ্তানি উন্নয়ন তহবিলের আওতা বেড়েছে
এখন থেকে প্লাস্টিক পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোকেও রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে কম সুদের ঋণ জোগানো হবে।
এক চালানে বিপুল পরিমাণ (বাল্ক) কাঁচামাল আমদানি করেন প্লাস্টিক পণ্য উৎপাদকেরা। বিশেষত পোশাক খাতের সরঞ্জাম হিসেবে তাঁরা তাঁদের উৎপাদিত পণ্য ব্যাক টু ব্যাক এলসিতে জোগান দেন। এ ক্ষেত্রে তাঁদের এখন থেকে ইডিএফের আওতায় ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে কোনো উৎপাদক প্রতিষ্ঠান আগের ১২ মাসে যে পরিমাণ প্রত্যাবাসিত রপ্তানি আয় করেছে বা পাঁচ লাখ ডলার, এর মধ্যে যেটি কম, সে পরিমাণ ইডিএফ ঋণ পাবে।
এ ছাড়া বিটিএমএর সদস্য কারখানা এবং আরও যারা রপ্তানির জন্য আমদানি করে, সেসব প্রতিষ্ঠান বছরে এখন থেকে এক কোটি ২০ লাখ ডলার পর্যন্ত ইডিএফের আওতায় ঋণসুবিধা পাবে। এত দিন এর পরিমাণ ছিল এক কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত নির্দেশনা বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
ইডিএফের আওতায় বৈদেশিক মুদ্রায় যে ঋণসুবিধা দেওয়া হয়, তার সুদের হার লন্ডনে মুদ্রাবাজারের সুদের হার বা লাইবরের সঙ্গে ২ দশমিক ৫ শতাংশ যোগ করে। বর্তমানে লাইবরের সুদ হার দশমিক ৫ শতাংশের মতো। সে হিসেবে এ ঋণের সুদ হার মাত্র ৩ শতাংশের মতো।